নওগাঁয় পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা
নওগাঁর মান্দা থানায় বৃহস্পতিবার রাতে পুলিশের হেফাজতে মনোয়ারুল হক সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশী নির্যাতনের ফলে সাগরের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় বেরিয়ে আসে এবং রাজশাহী - নওগাঁ মহাসড়কে ব্যারিকেড দিয়ে শুক্রবার সকাল ৯টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
থানা ঘেরাও এবং হামলার আশংকায় প্রশাসন অতিরিক্ত পুলিশ ও আমর্ড পুলিশ মোতায়েন করেছে।
পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি নওগাঁর চৌবাড়িয়া হাটে চার পুলিশসহ পাঁচ খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত জহুরুল ও নূরুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী মান্দা থানা পুলিশ কালিগ্রাম গ্রামের আজিজুল হকের ছেলে সাগরকে বৃহস্পতিবার বিকেলে পোরশা উপজেলায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে।
রাত ১২টার দিকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সাগর মারা যায়।
সকালে এ খবর জানার পর এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত পুলিশদের বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ নিহতের পরিবারকে না জানিয়েই পুলিশ লাশ দাফন করেছে।
পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, হার্ট অ্যাটাকে সাগরের মৃত্যু হয়েছে।
