শ্রমিক - পুলিশ সংঘর্ষে খালিশপুর শিল্পাঞ্চল রণক্ষেত্র, গুলিতে নিহত ১, আহত দুই শতাধিক
নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও গুলিতে হানিফ নামে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয় পুলিশ, সাংবাদিক ও শ্রমিকসহ দুই শতাধিক।
এ সময় পুলিশ সহস্রাধিক শটগানের গুলি ও ২০০ টিয়ার সেল নিক্ষেপ করে। ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে ব্যাপকভাবে। ফলে গোটা শিল্প এলাকা পরিণত হয় রণক্ষেত্রে ।
এদিকে শ্রমিক নিহত হওয়ায় খালিশপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েছে। পাট সুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদ আজ সন্ধ্যায় এক জনসভায় আগামী ১০ সেপ্টেম্বর খুলনায় হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
এর আগে ৫ সেপ্টেম্বর বকেয়া ৪০ কোটি টাকা পাওনা পরিশোধ না করায় পাট সূতা বস্ত্রকল সংগ্রাম পরিষদ ৮টি রাষ্ট্রায়াত্ত পাটকলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, হরতাল, রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচী ঘোষণা করে। এই কর্মসূচীর দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাজার হাজার শ্রমিক লাঠি, লোহার রড ও গাছের ডাল হাতে নিয়ে ক্রিসেন্ট জুট মিল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিআইডিসি সড়কের পিপলস জুট মিল গেটের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে এবং তা পুরো শিল্প এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ মুহুর্মুহু শটগানের গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর শ্রমিকরা একত্রিত হয়ে পুলিশের উপর বৃষ্টির মত ইট- পাটকেল নিক্ষেপ শুরু করে। ইটের আঘাতে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) গাজী জসিম উদ্দিনসহ কয়েকজন পুলিশ কনস্টেবল আহত হয়।
এতে পুলিশ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ও নির্বিচারে শ্রমিকসহ সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করে। পুলিশ ৫০ জন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। শ্রমিকরা আবারও উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা খালিশপুরের শিশুপার্ক ওয়ান্ডার ল্যান্ডে ব্যাপক ভাংচুর চালায়। তারা পার্কের সমস্ত গেমস ভেঙ্গে ফেলে। পার্কের একাউন্টস অফিসার মাহাতাব উদ্দিন জানান, ভাংচুরে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ লাল হাসপাতালের পাশে তৈয়বা কলোনীতে ঢুকে শ্রমিক হানিফকে ধরে এনে কলোনীর সামনে মাথায় শটগান ঠেকিয়ে গুলি করে হত্যা করে বলে এলাকাবাসী জানায়। ঘটনাস্থলে নিহতের মাথার ঘিলু ও শটগানের খালি খোস পড়ে থাকতে দেখা যায়। এভাবে বেলা ১টা পর্যন্ত শ্রমিক ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ চলে। নিহত হানিফের লাশ পিকআপ ভ্যানে নিয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শ্রমিক নিহত হওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভ ফেটে পড়ে। তারা আবারও মিছিল বের করে। সাধারণ মানুষ, কলেজ ছাত্র ও শ্রমিকদের থানায় আটক করে অমানুষিক নির্যাতন চালানো হয় বলে ভূক্তভোগীরা জানান।
এদিকে দুপুর ১২টায় উত্তেজিত শ্রমিকরা প্রাইম লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় অফিস ভাংচুর করে। এ ছাড়া অনেক আবাসিক ভবনের জানালার কাচ ভাংচুর করে শ্রমিকরা। মিল গেটসহ রাস্তার বিভিন্ন স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে।
শ্রমিক পুলিশ সংঘর্ষে আহতরা হলেন শ্রমিক সোহেল রানা, সোহেল খান, ফয়সাল উদ্দিন, বাহার মল্লিক, মামুন, নুর হোসেন, তালেব, হায়দার আলী, রুহুল, মো. হায়দার, দৈনিক পুর্বাঞ্চলের ফটোসাংবাদিক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল।
এ ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় ঘোষিত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো শুক্রবার থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত শোক দিবস পালন, এসময় মিল কল কারখানায় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, ১০ সেপ্টেম্বর হরতাল ও বিক্ষোভ মিছিল, সামবেশ এবং ১২ সেপ্টেম্বর থেকে খুলনা - যশোরে অনির্দিষ্টকালের জন্য রাজপথ ও রেলপথ অবরোধ।
ক্রিসেন্ট জুট মিল গেটে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, সিপিবি নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, শেখ মনিরুজ্জামান প্রমুখ।
