জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কোন সংবিধানে দেশ চলবে: ঝিনাইদহে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ‘২০০৭ সালের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে, যে সংবিধান আছে সেই সংবিধান থাকবে, নাকি ’৭২ এর সংবিধান চালু হবে। যেখানে বিসমিল্লাহ হির রহমানির রাহিম থাকবে না’।
প্রধানমন্ত্রী আজ বুধবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাইলট হাই স্কুল মাঠে এক বিরাট জনসভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
খালেদা জিয়া দুপুরে যশোর বিএএফ মতিউর রহমান ঘাঁটিতে নেমে সশস্ত্রবাহিনীর দরবার অনুষ্ঠানে যোগ দেন। এরপর ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও ২৫ শয্যার শিশু হাসপাতাল উদ্বোধন করেন। তিনি বিকাল ৫টায় কোটচাঁদপুর উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ও জেলা পরিষদ কর্তৃক নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করে সাড়ে ৫ টায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত জনসভায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যাতে দেশের উন্নয়ন না হয়। কথা বলার জন্য জাতীয় সংসদ আছে। আমাদের বিরোধী দল পার্লামেন্টে যায় না। দিনের পর দিন তারা পার্লামেন্ট বয়কট করে। কর্মসূচীর নামে রাস্তায় প্রতিনিয়ত হরতাল ধর্মঘট করে। টেম্মু চালককে যাত্রীসহ পুড়িয়ে মারে, পুলিশ হত্যা করে, এই হল তাদের কাজ। বিরোধী দলের নেত্রী বলে ১ লাশের বদলে তিনি ১০টা লাশ ফেলবেন। ওরা লাশের রাজনীতি করে। এই নেত্রী এক সময় বলেছিল আমরা বিরোধী দলে গেলেও আর হরতাল করব না। কিন্তু তিনি কি তার কথা রেখেছেন’?
প্রধানমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী এই সরকার অক্টোবরের শেষের দিকে ক্ষমতা হস্তান্তর করবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। অথচ তারা সংবিধান মানে না, তত্ত্বাবধায়ক সরকার মানে না, নির্বাচন কমিশন মানে না। একটি সাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন করতে চায় না।
স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সরোয়ারী রহমান এমপি, মসিউর রহমান এমপি, শহীদুজ্জামান বেল্টু এমপি, অধ্যক্ষ সোহরাব হোসেন এমপি, জামাতের ঝিনাইদহ জেলা আমির মাওলানা মুজাম্মিল হক প্রমূখ।
