সাভারে দুটি ডাকাতি, অর্ধকোটি টাকা লুট
সাভার পৌর এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল লুট এবং ডাকাতদের হামলায় ৫ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাওপাড়া (তারাপুর) মহল্লার গ্রামীনফোনের ডিলার জেনি সাপ্লাই এন্ড ম্যানেজমেন্ট অফিসে ১০/১২ জনের একটি দল প্রবেশ করে। তারা মোবাইলের কার্ড কেনার কথা বলে ঘরে ঢুকে বাড়ির সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৮ লাখ টাকা এবং ১০ হাজার পিস মোবাইলের কার্ডসহ প্রায় ৫৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদের হামলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা বরকত, সুপারভাইজার কামরুজ্জামান, সোহাগসহ পাঁচজন আহত হয়।
অন্যদিকে একই সময়ে সাভারের তালবাগ এলাকার সৌদি প্রবাসী হাজী দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ৫/৬ জনের একটি ডাকাতদল নগদ ৭০ হাজার টাকা এবং ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। সাভার থানার এসআই সাইফুল ইসলাম জানান, ডাকাতির ঘটনাটি রহস্যজনক। কিন্তু এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
