২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভাষা বিভাগে শিক্ষক মনোনয়নে অনিয়মের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের উর্দু বিষয়ে শিক্ষক মনোনয়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 05:02 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সবগুলো ব্যাচের মধ্যে সর্বোচ্চ নম্বর এবং অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারের পরও একজন মনোনয়ন পাননি, অপরদিকে তিন নম্বর গ্রেস পেয়ে মাস্টার্সে প্রথম শ্রেণী প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিবির কর্মীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিভাগীয় সূত্রে জানা গেছে, উর্দু বিষয়ে একজন শিক্ষক নিয়োগের জন্য গত ১৪ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে পাঁচজন প্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে কেবলমাত্র মোকাররম হোসেন মন্ডলের শিক্ষাজীবনে চারটি প্রথম শ্রেণী ছিল। প্রার্থীদের মধ্যে মনোনয়ন পাওয়া সামিউল ইসলামের তিনটিতে (অনার্সে প্রথম শ্রেণী নেই) এবং বাকিদের দুটি করে প্রথম শ্রেণী ছিল।

সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর ভাষা বিভাগের উর্দু বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেনের সভাপতিত্বে নির্বাচনী বোর্ডের সভা বসে।

এতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল হুদা, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল জব্বার খান, সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী ইসলামিয়া কলেজের অধ্যক্ষ সিদ্দিক হোসেন, কোর্স এক্সপার্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী - উর্দু বিভাগের শিক্ষক ড. কুলসুম আবুল বাশার মজুমদার।

নির্বাচনী বোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির কর্মী সামিউল ইসলামকে বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করে।

সূত্র জানায়, মোকাররম হোসেন মন্ডল অনার্সে শতকরা ৭৪ দশমিক ১৩ ভাগ এবং মাস্টার্সে শতকরা ৭৫ ভাগ নম্বর পেয়েছেন। এ পর্যন্ত উর্দু বিষয়ে মোকাররমের নম্বর সর্বোচ্চ বলে জানা গেছে। অনার্স এবং মাস্টার্সের ফল প্রকাশ হওয়ার পর তিনি কলা অনুষদের মধ্যে ফলাফলের দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন  করেন। আলিম পরীক্ষায় তিনি ৭৫০ এবং দাখিল পরীক্ষায় ৬৬৭ নম্বর পেয়েছেন বলেও সূত্রে প্রকাশ।

সংশ্লিস্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, মোকাররম হোসেনের ভালো ফলাফল ও যোগ্যতা থাকার পরও তার বাবা নবাব আলী  মন্ডল একজন মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তাকে শিক্ষক হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি।

তারা অভিযোগ করেন, নির্বাচনী বোর্ডে যে সব সদস্য উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগই জামায়াত সমর্থক। শিক্ষা জীবনের সকল স্তরে মোকাররম হোসেন ভাল ফলাফল করেও বিভাগে শিক্ষক হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে জামায়াতপন্থি শিক্ষকদের রোষানলে পড়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ও ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুস সোবহান এ ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে বলেন, এভাবে মেধাবী প্রার্থীদের উপেক্ষা করে দলীয় বিবেচনায় কম যোগ্যতাসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চললে দেশের উচ্চ শিক্ষা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াবে। এ জন্য তিনি সরকারের সর্বোচ্চ মহলের শুভদৃষ্টিও কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠনগুলোর মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালযের ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুল হুদা জানান, নির্বাচনী বোর্ডের সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও শিক্ষক নিয়োগ বোর্ডের সভাপতি অধ্যাপক ড. এম আলতাফ হোসেন সিন্ডিকেটের আগে এ ব্যাপারে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।