২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনবিঘা করিডোরে এখনও অবস্থান করছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডোর থেকে অতিরিক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বুধবার সকাল ৯টার মধ্যে প্রত্যাহার করার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত তারা সেখানেরই অবস্থান করছিল।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এদিকে তিনবিঘা করিডোরে বাংলাদেশী ভূখণ্ডে মোতায়েন করা অতিরিক্ত বিডিআর মঙ্গলবার রাতেই প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ সদস্যদের প্রত্যাহার না করায় তিনবিঘা করিডোরে সৃষ্ট উত্তেজনা আরো প্রকট আকার ধারণ করেছে। অবরুদ্ধ হয়ে আছেন দহগ্রাম--আঙ্গোরপোতা ছিটমহলের ২০ হাজার বাংলাদেশী নাগরিক।

এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে যেকোন সময় গুলিবিনিময় শুরু হওয়ার আশংকা দেখা দিয়েছে।

লালমনিরহাট ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাফাত বিডিনিউজকে জানান, মোতায়ন করা অতিরিক্ত বিএসএফ সদস্যদের যদি বুধবার দুপুরের মধ্যে প্রত্যাহার করা না হয় তাহলে অতিরিক্ত বিডিআর মোতায়ন করা হবে।

এদিকে আঙ্গোরপোতা--দহগ্রাম সংগ্রাম পরিষদ বুধবার বিকালে বঙ্গের বাড়ি হাইস্কুল মাঠে জনসমাবেশের ডাক দিয়েছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আঙ্গোরপোতা--দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদক রেজা মাস্টার বিডিনিউজকে জানান, বিডিআর এর পাশাপাশি তারা নিজেরাই বিএসএফ এর অবৈধ ও অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করবেন।