২ মাসের খরায় ঘোর সঙ্কটে কুড়িগ্রামের আমন ধান
প্রায় দু’মাস ধরে চলতে থাকা প্রচন্ড খরায় আমন আবাদ নিয়ে কুড়িগ্রামের কৃষকরা এখন চরম সঙ্কটে।
দীর্ঘ অনাবৃষ্টিতে মাটি ফেটে আমন চারাগুলো মরে যাচ্ছে। সমর্থ কৃষকরা সেচযন্ত্র চালু করে ক্ষেত রক্ষার চেষ্টা চালানোর ফলে আবাদের খরচ বেড়েছে। পাশাপাশি পোকা মাকড়ের আক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন কমে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে ।
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, জেলায় গত বছর জুন মাসে ৮১৬ মিলিমিটার, জুলাই মাসে ৭৭২ মি.মি. এবং আগস্ট মাসে ৪০৯ মিমি. বৃষ্টি হয়েছেল। সেখানে এ বছর জুন মাসে ৪২৩ মি. মি. জুলাই মাসে ২৩৮ মি. মি. এবং আগস্ট মাসে ১২৬ মি. মি. বৃষ্টি হয়। আর চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত এক ফোটাও বৃষ্টি হয়নি। ফলে এ অঞ্চলে মারাত্মক খরা দেখা দিয়েছে।
সূত্র মতে, জেলায় চলতি মৌসুমে স্থানীয় ও উফশীজাত মিলে ১ লাখ ১৩ হাজার ৭২১ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে এক লাখ ৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে ইতিমধ্যে চারা রোপণ করা হয়েছে। এজন্যে জেলায় ৮ হাজার ৭৭৬ টি শ্যালো টিউবওয়েল, ১১টি গভীর নলক’প, ২২টি ‘ফ্রাকশনাল পাম্প’সহ বিপুল সংখ্যক ‘টেওল’ পাম্প এবং হস্তচালিত নলক’প সেচের জন্যে চালু করা হয়েছে। এই সেচযন্ত্রগুলো দিয়ে প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে সেচ দেয়া গেলেও বাকী প্রায় ৩৫ হাজার হেক্টর জমি সেচের বাইরে রয়ে গেছে। পানির অভাবে এখনও প্রায় ৯ হাজার হেক্টর জমিতে চারা রোপন সম্ভব হয়নি।
খামারবাড়ীর একজন শস্য বিশেষজ্ঞ বিডিনিউজকে জানান, চারা রোপণের সময় জমিতে কমপক্ষে এক ইঞ্চি পরিমাণ, চারা লাগানোর পরবর্তী ১০ দিন কমপক্ষে দুই ইঞ্চি পরিমাণ, ১১ দিন থেকে ধানের শীষ বের হওয়া পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ এবং শীষ বের হওয়ার পর আগের ১০ দিন পর্যন্ত জমিতে চার থেকে ছয় ইঞ্চি পরিমাণ পানি থাকা প্রয়োজন। বৃষ্টি না হলে শুধু সেচ দিয়ে এই বিপুল পরিমাণ পানির যোগান দেয়া যেমন ব্যয়বহুল তেমনি কষ্টসাধ্য। তাছাড়া এতে মাটির উপরে পানির স্তর কমে যাবে যা পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। এই ভয়াবহ খরা পরিস্থিতি মোকাবিলায় জেলায় এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।
এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বিডিনিউজকে জানান, এরকম অবস্থা চলতে থাকলে আমন আবাদে বিপর্যয় নেমে আসবে।
