চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা হত্যার প্রতিবাদে শোক র্যালি
চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আকবর সাঈদ চৌধুরী হত্যার প্রতিবাদে মঙ্গলবার বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দর এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের কাস্টমস কর্মকর্তা ও কর্মচারী। এসব কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, প্রতিবাদ সমাবেশ ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন।
বেনাপোল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে কালো ব্যাজ ধারণ করে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
এ সময় আমদানি--রফতানি ও বন্দর থেকে সব ধরনের মালামাল খালাস বন্ধ থাকে।
কাস্টমস হাউজে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপার সৈয়দ হায়দার, সুপার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক হারিছুল হক।
সমাবেশ থেকে আকবর সাঈদ চৌধুরীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরো বড় ধরনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
আকবর সাঈদ চৌধুরী সদ্য নির্বাচিত বাকাএভ এর সদস্য ছিলেন। তিনি বেনাপোল কাস্টমস হাউজে প্রায় ৩ বছর কাজ করেন। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত থাকা অবস্থায় গত ২৯ আগস্ট তাকে হত্যা করা হয়।
