সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ আটক ৪ সন্ত্রাসীকে থানায় সোপর্দ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ আটক চার সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ শেষে র্যাব সদস্যরা সোমবার রাতে স্থানীয় থানায় সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য খুলনা র্যাব-৬ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল।
পুলিশ জানায়, রোববার রাতে র্যাব খুলনা - ৬ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার ভাঙ্গানমারী ভুমিহীন জনপদে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
এরা হলো সামছুদ্দীন, জহুর, নোয়াব আলী ও সাগর।
পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী নওমুসলিম আল আমিনের আশি বিঘা নামের চিংড়ি ঘেরের বাড়ি থেকে একটি দেশী পিস্তল, দুটি পাইপগান, একটি খেলনা মর্টারগান, দুটি তাজা বোমা, চার রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, দুটি রামদা, পাঁচটি কাঠের তৈরি তীর, ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং একটি লোহার তৈরি ঢাল উদ্ধার করে।
এ ঘটনা কালিগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানায় যোগাযোগ করা হলে থানা সূত্র জানায়, আসামীদের অস্ত্র ও মালামালসহ আদালতে পাঠানো হয়েছে।
