জাবির দেড় শতাধিক শিক্ষক ঠিকমতো ক্লাস নেন না
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রায় সাড়ে চারশ’ শিক্ষকের মধ্যে দেড় শতাধিক শিক্ষকই ঠিকমতো ক্লাস নেন না। রাজনীতি, বিভিন্ন সরকারি --বেসরকারি সংস্থার উপদেষ্টা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদান নিয়ে তারা বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন।
গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, বিভাগীয় চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
প্রশাসনিক সূত্র জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ২৬টি বিভাগে প্রায় সাড়ে চারশ’ শিক্ষক রয়েছেন। এর মধ্যে উচ্চতর ডিগ্রি, পোস্ট ডক্টরাল গবেষণা, সাবাটিক্যাল (আংশিক অথবা পূর্ণ বেতনসহ শিক্ষাছুটি) ও লিয়েনে (বিনা বেতনে শিক্ষা ছুটি) আছেন অন্তত ৯৫ জন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি সেশন জটের সৃষ্টি হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা কিছু কিছু কোর্সের ক্ষেত্রে নির্ধারিত ক্লাসের চেয়ে কম সংখ্যক ক্লাস নিয়ে কোর্স শেষ করেন। বিভাগীয় কমিটি কোনও কোর্সের জন্য সপ্তাহে দুটি বা তিনটি ক্লাস নির্ধারণ করলে কোর্স শিক্ষক তা কমিয়ে ১টি ক্লাস নেন। কোনও কোনও সপ্তাহে কোর্স শিক্ষকরা ক্লাসই নেন না।
প্রশাসনিক সূত্র জানায়, একটি শিক্ষাবর্ষে পূর্ণ একক কোর্সের (ফুল কোর্স) ১০০ নম্বরের ৪৫ থেকে ৫০ এবং অর্ধ একক কোর্সের (হাফ কোর্স) ৫০ নম্বরের জন্য ২৫ থেকে ৩০টি ক্লাস নিতে হবে। কিন্তু অধিকাংশ শিক্ষক পূর্ণ কিংবা অর্ধ একক কোনও কোর্সেরই ঠিকমতো ক্লাস নেন না।
সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, শিক্ষকদের নিয়মিত ক্লাস না নেওয়ার পেছনে কারণ হলোÑ অতিমাত্রায় রাজনীতিতে জড়িয়ে পড়া, কনসালটেন্সি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদান।
ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মির্জা মফিজউদ্দিন বলেন, তিনি ঠিক মতোই ক্লাস নেন। তবে শিক্ষকদের বিরুদ্ধে এমন অভিযোগের কথা তিনি নিজেও শুনেছেন। তবে প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় জটিলতা থেকেই যাচ্ছে।
এ ব্যাপারে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না, ঢালাওভাবে তা বলা যায় না। অনেক শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েও নিজ প্রতিষ্ঠানে ঠিকমতো ক্লাস নেন’।
তবে তার সাথে ভিন্নমত পোষণ করে সাবেক প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. মো. মুশিউর রহমান বলেন, প্রশাসনের ব্যর্থতার জন্য অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে সকল সুবিধা ভোগ করেও নিয়ম বহির্ভূতভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে গোপনে কাজ করে যাচ্ছেন।
অন্যদিকে সিন্ডিকেট সদস্য ও দর্শন বিভাগের সভাপতি মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আসলে আইন করে এসব রোধ করা যাবে না। দায়িত্ব নিয়ে শিক্ষকরা ক্লাস না করালে জোর করে তা করানো যাবে না। কারণ বিষয়টি নৈতিকতার সাথে জড়িত’।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, অবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। শিক্ষকরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং তারা নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করছেন।
