দোহার উদ্দেশ্যে বাংলাদেশ ফুটবল দল
দেশের মাটিতে কাতারের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ দল এবার কাতারের মাটিতে ভালো পারফরমেন্সের আশা নিয়ে সোমবার সকালে ঢাকা ত্যাগ করছে।
এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ‘এফ’ গ্র“পের এই ম্যাচটি কাতারের রাজধানী দোহার আল ঘাফারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কোচ হাসানুজ্জামান বাবলু রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে ) ভবনে এক আলোচনা সভায় বাংলাদেশের ভালো পারফরমেন্সের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মাটিতে বাংলাদেশ ৪--১ গোলে হেরে গেলেও এবার কাতারের মাটিতে বাংলাদেশ ভালো পারফরমেন্স দেখাবে।
বাবলু বলেন, ইতিমধ্যেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনকারী শক্তিশালী কাতারের বিরুদ্ধে বাংলাদেশের মূলত হারাবার কিছুই নেই। বরাবরের মতো এই ম্যাচেও তাদের বিরুদ্ধে জয়ের আশা না থাকলেও পরাজয়ের ব্যবধান কমিয়ে আনা হবে।
এক প্রশ্নের জবাবে বাবলু বলেন, এই কয়েকদিনের প্রশিক্ষণ শিবিরে শুধুমাত্র রোববার তিনি দলের সকল ফুটবলারকে একসাথে পেয়েছেন। তবে বিদেশের মাটিতে দেশের মান রাখতে ফুটবলাররা ঐক্যবদ্ধভাবে তাদের সর্বস্ব দিয়ে গোলরক্ষার প্রচেষ্টা চালাবে।
কাতারগামী এই দলে কলম্বো ফেরত অনুর্ধ্ব-২৩ জাতীয় দলের ছয়জন ফুটবলার অর্ন্তভুক্ত রয়েছেন, যারা কাতারের বিরুদ্ধে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম খেলাটিতে অংশ নেননি। এমিলি, সিরাজ, আরমান আজিজী, রবিন, আরিফ এবং জাহিদ হোসেন এই ছয় ফুটবলার দলে ফিরে আসায় বাংলাদেশের পারফরমেন্স আগের চেয়ে স্বাভাবিকভাবেই ভালো হবে বলে মনে করছেন বাবলু।
বাংলাদেশের অধিনায়ক আরিফ খান জয় অবশ্য কাতারের বিরুদ্ধে ভালো পারফরমেন্সের কোনো কারণই দেখছেন না। ‘শুধুমাত্র নিয়ম রক্ষার তাগিদেই আমরা কাতারে খেলতে যাচ্ছি, কাতারের বিরুদ্ধে আমাদের কোনো লক্ষ্যই নেই’ বলেন জয়।
কাতারকে বাংলাদেশের জন্য খুবই শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে জয় বলেন, ‘আমাদের এই সফরের একটাই অর্থ দাড়ায় আর তা হলো ধারালো তরবারীর মুখে নিজেদের গলা এগিয়ে দেওয়া’।
উল্লেখ্য এবারের এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের খেলায় চট্টগ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ কাতারের কাছে ৪--১ গোলে পরাজয় বরন করে। এর আগে বাংলাদেশ উজবেকিস্তানের কাছে ৫--০ গোলে এবং সিঙ্গাপুরের কাছে ১--০ গোলে পরাজিত হয়।
বাংলাদেশ পঞ্চম ম্যাচে ১১ অক্টোবর দেশের মাটিতে উজবেকিস্তানের মুখোমুখি হবে। আর ১৫ নভেম্বর ষষ্ঠ ও শেষ গ্র“প ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে।
