জাতীয় দলের ফুটবলারদের প্রশিক্ষণ শিবিরে যোগদান
পেশাদার ফুটবল লীগে দলবদল নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আশ্বাস পাওয়ার পর জাতীয় দলের ফুটবলাররা রোববার আবারো প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন।
এর আগে জাতীয় দলের কাতারগামী ফুটবলাররা চলতি বছরের পেশাদার লীগে দলবদল নিশ্চিত করার দাবিতে শনিবারের প্রশিক্ষণ বয়কট করে। পরে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল শনিবার রাতে জাতীয় দলের তিন সিনিয়র ফুটবলার আলফাজ আহমেদ, মাইফুল ইসলাম মনি ও আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা করে ফুটবলারদের রোববার পুনরায় প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার আহবান জানান।
এছাড়া রোববার সকালে বাফুফে সদস্যবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন ফুটবল লীগ কমিটি (ডিএমএফএলসি) চেয়ারম্যান মোজাম্মেল হক মুক্তা আবারো ফুটবলারদের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে মোজাম্মেল হক জানান, ৫ সেপ্টেম্বর বাফুফের নির্বাহী কমিটির সভায় দলবদলের বিষয়টি নিশ্চিতকরনে একটি ইতিবাচক ও গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পরই ফুটবলাররা আবারো প্রাকটিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
জাতীয় দলের গোলরক্ষক আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশের ফুটবলারদের তাদের দলবদলের অধিকার আদায়ে আন্দোলন করতে হয়নি। এখন আমাদের বাফুফের নির্বাহী কমিটির সভার জন্য অপেক্ষা করে থাকতে হবে। তবে সভার আগের দিন সোমবার বাংলাদেশ দলের কাতারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে জাতীয় দলের স্ট্রাইকার আলফাজ বলেন, মুক্তা ভাই আমাদের জানিয়েছেন যে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ্যাথলেটিক ট্র্যাক বসানোর কাজ শেষে জাতীয় ক্রীড়া পরিষদ ১৫ অক্টোবরের মধ্যে স্টেডিয়াম বাফুফেকে হস্তান্তর করবে। ফলে নির্ধারিত সময়েই লীগ অনুষ্ঠিত হবে।
মুক্তার উদ্ধৃতি দিয়ে আলফাজ আরো জানান, নির্বাহী কমিটির সভায় বাফুফে নির্ধারিত সময়ে লীগ শুরু করতে না পারলে লীগের ১২ টি ক্লাবকেই প্রতিদিনের জন্য ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব রাখবে।
এর আগে ৩০ আগস্ট দলবদলের নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লীগের ১২টি ক্লাবের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসলেও দলবদলের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি।
