২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্যক্তকারীর ছাত্রত্ব বাতিলের দাবিতে জাবি ছাত্রীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও ছাত্রী উত্যক্তকারীর ছাত্রত্ব বাতিলসহ ৩ দফা দাবিতে শতাধিক ছাত্রী রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সূত্র জানায়, ছাত্রী উত্যক্তকারী ছাত্রদলের মীর মশাররফ হোসেন হল শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবু সাঈদ ভূঁইয়ার ছাত্রত্ব বাতিলের দাবিতে ফজিলাতুন্নেসা হলের ছাত্রীরা পরিবহন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রশাসনিক ভবনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সামিউন জাহান দোলা ও জ্যোতি সিনহা। পরে ছাত্রীরা সাঈদের ছাত্রত্ব বাতিল, বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও নির্ভয়ে অভিযোগ দাখিলের জন্য অভিযোগ সেল গঠনসহ ৩ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করে।

এদিকে সাঈদকে সংগঠনের শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রোববার ছাত্রদল জাবি শাখার দপ্তর সম্পাদক জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান বলেন, ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির তদন্ত কাজ অব্যাহত আছে। অবিলম্বে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।