২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম জামিনের আবেদন করলেন দুই আ. লীগ নেতা

৩০ আগস্ট হরতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কনস্টেবল নারায়ণ চন্দ্র বর্মন মারা যাওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আগাম অন্তবর্তীকালীন জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস মোল্লা ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মাস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

রোববার বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে তারা এ আবেদন জানান। আদালত তাদের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করেন।

তাদের পক্ষের কৌসুলীরা শুনানিতে বলেন, কনস্টেবল নারায়ণ চন্দ্র বর্মন আঘাতে মারা গেছে বা তার রক্তক্ষরণ হয়েছে এরকম কোন প্রমাণ নেই। এরকম কোন প্রতিবেদনও কোন পত্রিকায় প্রকাশিত হয়নি। আদালতে এ সংক্রান্ত কাগজপত্র আগামীকাল সোমবার দাখিল করবেন তাদের আইনজীবীরা।

সোমবার শুনানি না হওয়া পর্যন্ত তাদের গ্রেফতার বা হয়রানি না করতে আদালত নির্দেশ দিয়েছে বলে আবেদনকারীদের কৌসুলী আবদুল মতিন খসরু জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট হরতালে কর্তব্য পালনকালে কনস্টেবল নারায়ণ চন্দ্র বর্মন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এ ঘটনায় পরদিন পল্লবী থানায় ইলিয়াস মোল্লা, কামাল মাস্টারসহ ১২জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।