রুয়েটের নতুন হলে উঠতে পারছে না শিক্ষার্থীরা
কাজ শেষ হওয়ার ছয় মাস পরেও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ছাত্রদের উঠাতে পারছেন না কর্তৃপক্ষ।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী উদ্বোধন না করায় এ সমস্যা হয়েছে। এদিকে প্রভোস্ট নিয়োগের পরও দীর্ঘ সময় হলটি ফাঁকা পড়ে থাকায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, রুয়েটের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে ২০০৩ সালের ১৮ জানুয়ারি রাজশাহী সিটি মেয়র ও জাতীয় সংসদ সদস্য মিজানুর রহমার মিনু ৫০০ শষ্যাবিশিষ্ট হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর রুয়েট প্রকৌশল দপ্তরকে হলটি নির্মাণের দায়িত্ব দেয়া হলে প্রায় ছয় মাস আগে নির্মাণ কাজ শেষ করে রুয়েট প্রকৌশল বিভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করে।
সূত্র জানায়, হলটি নির্মাণের পর রুয়েট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে হলটি আনুষ্ঠানিক উদ্বোধন করানোর সিদ্ধান্ত নেয়। প্রায় সাড়ে ছয় মাস আগে হলটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দিন তারিখও নির্ধারণ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজশাহী সফর বাতিল হলে হলটির আনুষ্ঠানিক উদ্বোধনের কাজ পিছিয়ে যায়। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিক্ষার্থীদের আবাসনের অনুমতি দিতে পারেনি কিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে ৫০০ শষ্যাবিশিষ্ট পাঁচ তলা হলটিতে ছাত্রদের আবাসন ব্যবস্থা না করায় রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ পরিচালককে স্মারকলিপি দেয়। এ সময় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শীঘ্রই নতুন হলে আবাসনের ব্যবস্থা করার আশ্বাস দিলেও তা আজও সম্ভব হয়নি।
এ ব্যাপারে রুয়েটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রশিদুল হাসান উপাচার্যের লিখিত কোন অনুমতি ছাড়া হল সম্পর্কিত কোন তথ্য সাংবাদিকদের দিতে অস্বীকৃতি জানান।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম বেগ জানান, হলে কিছু কাজ বাকী থাকায় ছাত্রদের জন্য সিট বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না।
তবে রুয়েট উপাচার্য অধ্যাপক এএফএম আনওয়ারুল হক সাংবাদিকদের বলেন, ‘কিছু জটিলতার কারণে হলটিতে ছাত্রদের সিট দেয়া হয়নি। তবে অতি শীঘ্রই হলটিতে যাতে ছাত্ররা উঠতে পারে সেজন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি’।
