২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বৈষম্যে খাদ্য অধিদপ্তরে ক্ষোভ

খাদ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণীভুক্ত খাদ্য পরিদর্শকদের বেতন স্কেল বৃদ্ধি করায় একই শ্রেণীভুক্ত অডিটর, হিসাব রক্ষক, অফিস সহকারি, প্রধান সহকারি ও তত্ত্বাবধায়ক পদে নিয়োজিত কর্মচারিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এর মাধ্যমে তৃতীয় শ্রেণীর কর্মচারিদের প্রতি বেতন বৈষম্যের সৃষ্টি করা হয়েছে বলে দাবি করে খাদ্য কর্মচারি পরিষদ ২১ সেপ্টেম্বরের মধ্যে এ বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন।

অন্যথায় ২১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিষদের মহাসচিব শাহ শফিউল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার খাদ্য ভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বলা হয়, ৩০ আগস্ট মন্ত্রিসভা কমিটি খাদ্য পরিদর্শকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০০০ সালে তৃতীয় শ্রেণীভুক্ত অডিটর, হিসাব রক্ষক, অফিস সহকারি, প্রধান সহকারি ও তত্ত্বাবধায়ক পদে নিয়োজিত কর্মচারিদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়। এ ব্যাপারে মন্ত্রিসভা কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি।

পরিষদের নেতারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।