চট্টগ্রামে গ্যাসপাইপ লাইন বিস্ফোরনে নিহত ১
চট্টগ্রামে ভূ-গর্ভস্থ গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ছয় পথচারী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার শহরের আলী নূর মার্কেটের ফুটপাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতের নাম সাইফুর রহমান (৬০)। জেলার পটিয়া উপজেলায় তার বাড়ি। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে গ্যাস পাইপ লাইনটি বিস্ফোরিত হলে আট ফুট প্রস্থ ফুটপাতটি মাটি থেকে প্রায় ছয় ফুট উপরে উঠে যায়। এ সময় সাইফুর রহমান ফুটপাতের ওপর বসে ভিক্ষা করছিলেন। বিস্ফোরণের সাথে সাথেই তিনি মারা যান। আহতদের অধিকাংশই ওই সময় মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারনা করা হচ্ছে, ভূগর্ভস্থ গ্যাস লাইনের একটি ছিদ্র থেকে গ্যাসনির্গত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। গ্যাস লাইনটি থেকে এখনও গ্যাস নির্গত হচ্ছে। গ্যাসে আশেপাশের বাতাসভারী হয়ে রয়েছে। বিস্ফোরণ ঘটার দুই ঘন্টা পরও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করতে পারেনি।
ঘটনার পর প্রায় দুই ঘন্টা বিআরটিসি স্টেশন থেকে নিউ মার্কেট রোডে যানবাহন চলাচল বন্ধ ছিল।
