২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির পলাতক কর্মীরা নতুনভাবে সংগঠিত হচ্ছে?

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতারা গ্রেফতার এবং বৃহস্পতিবার হাইকোর্টে তাদের মৃত্যুদন্ডাদেশ নিশ্চিত করা হলেও এর শত শত কর্মী, আশ্রয়দাতা ও মদদ দাতারা এখনও রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

গোয়েন্দা সূত্র জানায়, ঘাপটি মেরে থাকা জঙ্গিরা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম ও ব্যানারে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, জেএমবির তৃণমূল পর্যায়ের সদস্যদের সম্পর্কে পরিপূর্ণ তথ্য না থাকার ফলে তাদের ধরা সম্ভব হচ্ছে না। ফলে ওই জঙ্গিরা বিভিন্নভাবে পুনরায় সংগঠিত হচ্ছে।

ঝালকাঠিতে বিচারক হত্যা মামলার রায়ে শীর্ষ ৭ জঙ্গিকে মৃত্যুদন্ডাদেশ দেওয়ার পর গত ২৯ মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও তার প্রতিক্রিয়ায় জেএমবি ও এর কর্মী-সমর্থকদের হামলার আশংকা থেকে দেশ মুক্ত নয় বলে উল্লেখ করেছিলেন।

বাবর সে সময় সাংবাদিকদের বলেন, শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ শীর্ষ ৭ জঙ্গি মৃত্যুদন্ডাদেশ পেলেও এটাই জেএমবি গল্পের শেষ নয়।

এদিকে বৃহস্পতিবার বিজিএমইএ এর এক মতবিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জেএমবি এর গডফাদারদের ধরার প্রক্রিয়া চলছে। কিন্তু এখন পর্যন্ত আমরা এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, প্রমাণ ও সাক্ষ্য জোগাড় করতে সক্ষম হইনি। ফলে তা প্রক্রিয়াধীন রয়েছে’।

সূত্র জানায়, জেএমবির বিরুদ্ধে অভিযান এবং এর শীর্ষ নেতারা ধরা পড়ার পর এর নেতৃত্বে বড় ধরনের রদবদল হয়েছে। বিশেষ করে এর সামরিক শাখাসহ কেন্দ্রীয় নেতৃত্বে নতুন করে সাজানোর পর দেশের বিভিন্ন স্থানে জেএমবি হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। কয়েক মাস আগে রংপুরের আদর্শ পাড়ার জনৈক সোহাগ নিজেকে জেএমবি এর ‘এহসার’ (সার্বক্ষণিক সদস্য) দাবি করে স্থানীয় একটি সংবাদপত্রে পাঠানো হাতে লেখা এক চিঠিতে বলে, আমরা আমাদের নতৃন নেতৃত্বের সাক্ষাত পেয়েছি এবং আমাদের পরবর্তী লক্ষ্য বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ওই চিঠিতে সংগঠন পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য বা নতুন নেতৃত্বের নাম পরিচয় উল্লেখ করা হয়নি।       

সূত্র জানায়, নিষিদ্ধ এই দলটির নেতৃত্বে রদবদলের বিষয়টি একটি নিয়মিত ব্যাপার এবং অনেক আগে থেকেই হয়ে আসছে।

জেএমবি প্রতিষ্ঠা হওয়ার আগে আহলে হাদিস আন্দোলনের ব্যানারে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও তার জঙ্গী নেতা-কর্মীরা জঙ্গীবাদের ডালপালা বি¯তৃত করেছে। আহলে হাদিস আন্দোলনের ধর্মীয় গুরু ও শায়খ রহমানের পিতা ফজল মুন্সী মারা যাওয়ার পর দলের নেতৃত্ব নিয়ে কারারুদ্ধ নেতা ডাক্তার আসাদুল্লাহ আল গালিবের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আবদুর রহমান।

পরে আহলে হাদিসের একটি অংশকে নিয়ে তিনি গড়ে তোলেন জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)। জেহাদের প্রাথমিক কাজ হিসেবে রাজশাহীর বাঘমারায় জেএমবির মজলিশ-এ-শূরার সদস্য সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ শত শত প্রশিক্ষত জঙ্গীকে পাঠানো হয়। সেখানে তারা জেএমজেবি নাম ধারণ করে সর্বহারা নিধনের নামে হত্যা করে অসংখ্য নিরীহ মানুষকে।

উল্লেখ্য, গত বছরের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে ৫০০ বোমা হামলা চালিয়ে জেএমবি তাদের নাশকতামূলক কাজ শুরু করে। ওই বোমা হামলায় নিহত হয় এক শিশুসহ তিন জন।

গত ৩ নভেম্বর চট্টগ্রাম, লক্ষ্মীপুর এবং চাঁদপুরে একই ধরনের ধারাবাহিক বোমা হামলা চালানো হয়। ওই হামলায়ও তিনজন নিহত হয়।

জেএমবির উত্থানের পর তারা গত ১৪ অক্টোবর প্রথমবারের মতো আত্মঘাতী বোমা হামলা চালায়। ঝালকাঠিতে সংঘটিত ওই হামলায় দুজন বিচারক নিহত হন।

১৮ অক্টোবর জঙ্গিদের বোমা হামলা থেকে অল্পের জন্যে বেঁচে যান সিলেটের দ্রুত বিচার আদালতের একজন বিচারক।

২৯ নভেম্বর আত্মঘাতী হামলাকারীরা গাজীপুর এবং চট্টগ্রাম আদালতে বোমা হামলা চালালে মোট ১৩ জন নিহত হয়। ১ ডিসেম্বর গাজীপুরে দ্বিতীয় দফা হামলায় একজন নিহত ও ২০ জন আহত হয়।

সর্বশেষ ৮ ডিসেম্বর নেত্রকোণা আত্মঘাতি হামলায় ১০ জন নিহত এবং আহত হয় অসংখ্য নিরীহ মানুষ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে ২ মার্চ সিলেট থেকে শায়খ আবদুর রহমান এবং ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে গ্রেফতার করে।