রাজশাহীতে বিস্ফোরক দ্রব্য মামলায় ২ জেএমবি সদস্যের যাবজ্জীবন
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত বিস্ফোরক মামলায় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও বিস্ফোরক দ্রব্য আইনে ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং উভয়কে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের বিচারক এ এস এম আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, তানোর উপজেলার পাঁচ চাঁদপুর গ্রামের শহিদুল্লাহ ওরফে ফারুক এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্ন্যাসীপুর গ্রামের আবুল কাসেম ওরফে তুফান।
৪৭ কার্য দিবসে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর পুলিশ রাজশাহীর তানোর উপজেলার পাঁচ চাঁদপুর গ্রামের শহীদুল্লাহ ওরফে ফারুকের বাড়ি থেকে চারটি পিস্তল, বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও জঙ্গি প্রশিক্ষণের সিডিসহ দুজনকে গ্রেপ্তার করে। পরে তৎকালীন তানোর থানার ওসি জাহেদুর রহমান বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
পুলিশ জানায়, এরা দুজনই জেএমবির আঞ্চলিক কমান্ডার।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি কেতাব উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুল বারী।
