দুই বিচারক হত্যা মামলায় রায় মঙ্গলবার
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় শায়খ আবদুর রহমান এবং ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ৭ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশের উপর রায় দেওয়া শুরু করেনি হাইকোর্ট।
মঙ্গলবার এ রায় দেওয়া শুরু হতে পারে।
বিচারপতি মোহাম্মদ আলী আসগর খান ও বিচাপতি ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৩ আগস্ট এ মামলার ওপর ৯ কার্যদিবস শুনানি করে সোমবার রায় দেওয়ার দিন ধার্য করেছিল।
এদিন এ মামলাটি আদালতের দৈনিক কার্যতালিকার ১২৭ নম্বর ক্রমিকে থাকায় এবং এর আগে নতুন দায়ের করা মামলার শুনানি হওয়ায় চাঞ্চল্যকর এ মামলার রায় দেওয়া শুরু হয়নি বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন।
রায় দেওয়ার জন্য মামলাটি দৈনিক কার্যতালিকায় ১ নং ক্রমিকে রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেছেন বলে হেলালউদ্দিন মোল্লা জানান। মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া শুরু হবে বলে তিনি জানান।
গত বছর ১৪ নভেম্বর জামায়া আতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গীরা বোমা মেরে ঝালকাঠির সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়েকে হত্যা করে।
এ ঘটনায় দায়ের করা মামলায় গত ২৯ মে ঝালকাঠির আদালত শায়ক আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ভাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আওয়াল, মামুন, আরিফ ও খালেদ সাইফুল্লাহকে ফাসির আদেশ দেন।
