প্রিপেইড কার্ড কিনতে অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে মোবাইল গ্রাহকদের
সেলুলার ফোন ব্যবহারকারীরা তাদের প্রিপেইড কার্ড কিনতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীর কারণে অতিরিক্ত টাকা দিয়ে তারা কার্ড কিনতে বাধ্য হচ্ছেন।
মোবাইল অপারেটররা জানান, ডিলারদের মাধ্যমে সারা দেশের প্রতিটি দোকানে রিফিল কার্ড সরবরাহ করা সত্যিই কঠিন কাজ। তবে সেলফোন ব্যবহারকারীদের অতিরিক্ত টাকা প্রদান করতে বলা হয়নি বলে তারা জানান।
তারা বলেন, দোকান মালিকরা সরাসরি ডিলারদের কাছ থেকে কার্ড সংগ্রহ করলে কার্ডের মূল্যের চেয়ে বেশি টাকা দেওয়ার বিষয়টি এড়ানো যাবে।
মোবাইল কোম্পানি সিটিসেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইন্তেখাব মাহমুদ এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, ‘এ রকম হয় শুনেছি, তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। বিষয়টি আমি দেখব’।
খুচরা বিক্রেতাদের কাছ থেকে কার্ড ক্রয়কারীরা জানান, বিষয়টি অপারেটরদের নিয়ন্ত্রণে না থাকায় এবং কোনও প্রতিকার না হওয়ায় অতিরিক্ত দামে কার্ড কেনার বিষয়টি এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, এখনও এ সমস্যার সমাধান না হওয়ায় বোঝা যাচ্ছে যে, কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দিতে চাননি।
ক্রেতা ও বিক্রেতারা জানান, ৩০০ টাকা এবং ৬০০ টাকা বা আরও বেশি দামের রিফিল কার্ডের চেয়ে ৫০ এবং ১০০ টাকার কার্ডের চাহিদা বেশি থাকায় প্রতি কার্ডে ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দিতে হয়।
অপারেটরদের এজেন্টরা জানান, অপারেটরদের দিক থেকে কার্ডের মূল্যের ক্ষেত্রে কমিশনের পরিমাণ ৫০ শতাংশেরও বেশি কমিয়ে দেওয়া হয়েছে। এ সমস্যা তৈরি হওয়ার পেছনে এটিও একটি কারণ বলে তারা জানান।
খুচরা বিক্রেতারা জানান, কার্ডের গায়ে যে মূল্য লেখা থাকে প্রায় সমান দামেই মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে তাদের কিনতে হয়। কখনও আরও বেশি দিতে হয়। এজন্য ক্রয় মূল্যের চেয়ে অন্তত ২ টাকা বেশিতে বিক্রি করতে হয়।
