২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোকে কেন্দ্র করে পুলিশ - পরিবহন শ্রমিকদের সংঘর্ষে রাজশাহী রণক্ষেত্র, তিন পুলিশসহ আহত ১৫, সব রুটে যান চলাচল বন্ধ

যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রাজশাহী মহানগরী রণক্ষেত্রে পরিণত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 06:12 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সংঘর্ষ ঢাকা বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিন্দুর মোড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

পরিবহন শ্রমিকরা নগরীর আটটি স্থানে ব্যারিকেড দিয়ে বিকেল সোয়া ৪টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ করে টিয়ার শেল ছুঁড়ে ও ব্যাপক লাঠিচার্জ করে। টার্মিনাল এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে পুলিশ চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর জন্য থামায় পুলিশ। বাসটি সোনা মসজিদ থেকে রাজশাহীতে আসছিল। কিন্তু বাসের চালক পুলিশকে জানায় যে, বাসে অসুস্থ রোগী আছে, তাকে নিয়ে দ্রুত শহরে পৌঁছাতে হবে। কিন্তু তারপরও পুলিশ তল্লাশি চালাতে গেলে বাসের চালক ও হেলপারের সঙ্গে তাদের প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বাসের চালক তিন পুলিশসহ বাসটি চালিয়ে সিটি কর্পোরেশন ভবনের সামনে নিয়ে আসে এবং তিন পুলিশকে ধরে বেদম মারধর করে।

খবর পেয়ে মহানগরী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। এই ঘটনায় আহত তিন পুলিশ, বাসটির চালক ও হেলপারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তিন পুলিশ হলেন হাবিলদার ইয়াদুল (৪১), কনস্টেবল সাখাওয়াত (২৫) এবং প্রশান্ত (২৬)। এরা সবাই রিজার্ভ পুলিশের সদস্য।

অপরদিকে আহত চালক ও হেলপারের নাম যথাক্রমে রাজ্জাক এবং মিজানুর রহমান। এর মধ্যে চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই ঘটনার জের ধরে বাস পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং পুলিশের ওপর হামলা চালায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশও টিয়ার শেল ছোঁড়ে  ও লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর। পুরো ঘটনায় রাজশাহী মহানগরী মূহুর্তের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়। টার্মিনাল এলাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছিল। পুলিশ টার্মিনাল এলাকায় ঢোকার চেষ্টা করছিল।