২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭

পাবনা, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 04:23 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পাবনার বিডিনিউজ প্রতিনিধি জানান, সকালে ফরিদপুর - ভাঙ্গুড়া সড়কের খলিশাদহ নামক স্থানে বরকত (৯) নামে একটি শিশু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত বরকত খলিশাদহ গ্রামের হযরত আলীর ছেলে। পুলিশ ঘাতক নসিমনটি আটক করেছে। এ ব্যাপারে ফরিদপুর থানায় একটি মামলা হয়েছে।

অপরদিকে দুপুর ১২ টার দিকে পাবনা - নগরবাড়ী মহাসড়কের পুটিগাড়া নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় আমেনা খাতুন (৩০) নামে এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ী বিরাহিমপুর গ্রামে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তাড়াশ উপজেলার সিরাজগঞ্জ - নাটোর মহাসড়কের খালকুলা নামক স্থানে সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ময়দান আলী (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। তার বাড়ী তাড়াশের ভাইয়ট গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, পলাশবাড়ী - গাইবান্ধা সড়কে নতুন ঢোলভাঙ্গা বাজারে সোমবার সকাল সাড়ে ৯ টায় গাইবান্ধা থেকে বগুড়াগামী শাহীন শাওন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (দিনাজপুর-বিএ-২৩৬৭) অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এক পথচারী এবং ভ্যান চালকসহ যাত্রীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যায় ও সাতজন আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহতরা হচ্ছেন, পলাশবাড়ীর মেহদিপুর ইউনিয়নের ঝালিংগি গ্রামের জিল্লুর রহমান জুয়েল (৪২) ও সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পচার বাজার গ্রামের সাদা মিয়া (৩৮)। জিল্লুর রহমান গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নৈশ প্রহরী ছিলেন এবং অপরজন কাঠ মিস্ত্রি ছিলেন।  

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা রাস্তায় গাছ ফেলে চার ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

এতে সড়কের দুপাশে দুশতাধিক যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে দোষী চালকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরসহ নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।