রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল সভাপতি ও তার সহযোগী খুন
অজ্ঞাত সন্ত্রাসীরা শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন সেন্টু (৩০) ও তার এক সহযোগীকেরোববার গভীর রাতে গুলি করে হত্যা করেছে।
পারিবারিক সূতে দাবি করা হয়েছে, সন্ত্রাসীরা মুরাদকে কলেজের ফটকের সামনে গুলি করার পর তার সহযোগী মাসুমকে (২৮) দূরবর্তী স্থানে নিয়ে মাথায় দুটি গুলি করে। গুরুতর আহত মাসুম সোমবার ভোর ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নিহত ছাত্রদল সভাপতি মুরাদের মামা মনসুর খান বিডিনিউজকে জানান রোববার রাত ১২টা ২০ এর দিকে মুরাদ ও তার সহযোগীরা কলেজের দেয়ালে মেয়র সাদেক হোসেন খোকার সমর্থনে স্লোগান লিখছিল। এ সময় মুরাদের সহযোগী মাসুম তাকে কলেজের গেটের সামনে ডেকে নিয়ে যায়। ওইখানে আগে থেকেই তাদের ৪/৫ জন সশস্ত্র যুবকরা অপেক্ষা করছিল। মুরাদ তাদের সাথে কথা বলার সময় সন্ত্রাসীরা তার গায়ে ঠেকিয়ে গুলি করে। গুরুতর আহত মুরাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত ডাক্তাররা তাকে রাত ১২:৪০ মিনিটের সময় মৃত ঘোষণা করে।
অপরদিকে গভীর রাতে সূত্রাপুর থানার এএসআই আইয়ুব মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আহত মাসুমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সোমবার সকাল ৬টায় সে মারা যায়।
পুলিশের ধারণা, সন্ত্রাসীরা মাসুমের মাধ্যমে ছাত্রদল নেতা মুরাদকে কলেজের সামনে ডেকে নিয়ে হত্যা করার পর প্রমাণ নষ্ট করার জন্য পরে মাসুমকে খুন করে।
এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
