২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার শিক্ষার্থীর জন্য একটি বাসও নেই

সোয়াশো বছরের শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পয়ত্রিশ হাজার শিক্ষার্থীর জন্য এখন পর্যন্ত একটি বাসও নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 11:47 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বিশ্ববিদ্যালয়ের ১২টি ছাত্রাবাসের সবগুলোই বেদখল থাকায় আবাসিক সুবিধা নেই বলে বেশিরভাগ শিক্ষার্থীই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ব্যস্ত পুরান ঢাকার এ প্রতিষ্ঠানটিতে আসেন। ছাত্রদের তো বটেই ব্যস্ত পুরান ঢাকার পথ পাড়ি দিতে গিয়ে ছাত্রীরা পড়েন চরম সঙ্কটে। একই অবস্থা শিক্ষক ও সাধারণ কর্মচারীদেরও। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণাঙ্গ ঘোষণা আসার আগে ১৯৯১ সাল থেকে ২০০৫ সালের মাঝামাঝি পর্যন্ত ১৫ বছরে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া পরিবহন খাতের কোটি কোটি টাকার হিসাব কর্তৃপক্ষ তা দেখাতে পারছে না। টাকা নেয়া হলেও সেসময় পরিবহন ব্যবস্থা উন্নয়নের খাতগুলো পরীক্ষা করার জন্য কোনো কমিটি ছিল না।

পরিবহন ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার কথা বলে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে চারশত টাকা করে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা সমাধানে চলতি মাসের প্রথম দিকে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার প্রথম বৈঠকে জরুরি ভিত্তিতে বিআরটিসির ভাস ভাড়া করে বিভিন্ন রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবহনের জন্য বর্তমানে ৪টি মিনিবাস ও ২টি মাইক্রোবাস রয়েছে। যার মধ্যে প্রতিদিন দুপুরে দিবা শাখার শিক্ষকদের নিয়ে একটি মিনিবাস আজিমপুর পর্যন্ত যাতায়াত করে । বাকি তিনটির মধ্যে একটি সকাল ৯টার দিকে গুলিস্তান মোড় থেকে শিক্ষার্থীদের নিয়ে আসে। এ মিনিবাসে মাত্র ১৫ জনের আসন থাকলেও তাতে গাদাগাদি করে প্রায় অর্ধশত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। আর দুটো মিনিবাস অকেজো অবস্থায় ক্যাম্পাসের গ্যারেজে পড়ে রয়েছে। মাইক্রো বাস দুটোর অবস্থাও করুণ। 

নামপ্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী মিনিবাসগুলোর অবস্থা বর্তমানে খুবই নাজুক। বাসের সিটগুলো নড়বড়ে, হেডলাইটগুলো অকেজো। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর আমলে উপহার হিসেবে পাওয়া  গাড়িগুলো প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই গ্যারেজে পড়ে থাকে। এদিকে বিশ্ববিদ্যালয়ের এ গাড়িগুলোর যাত্রীবীমা ও ফিটনেস সার্টিফিকেট এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন বর্তমান পরিবহন কর্মকর্তা অধ্যাপক আবুল হাশেম।

পরিবহন সংকটের ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান বিডিনিউজকে জানান, পরিবহন সমস্যা লাঘবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থা বিবেচনা করে বাস ভাড়া করে বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা নেওয়া যেতে পারে।