সাভারের বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ড
সাভার আশুলিয়া থানার জিরাবো বাসস্ট্যান্ড সংলগ্ন একতলা টিনশেড বিশিষ্ট বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সোমবার ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী আবুল খায়ের বিডিনিউজকে জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে কারখানায় আগুন লাগে এবং তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।
আগুলিয়া থানা পুলিশ এবং দমকল বাহিনী জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার, আশুলিয়া, টঙ্গী এবং ধামরাই ফায়ার সার্ভিসের ছয় থেকে সাতটি ইউনিট ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে দমকল বাহিনী জানায়।
বেঙ্গল ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন বিডিনিউজকে জানান, ইন্ডাস্ট্রিজের গুদাম ঘরে প্লাস্টিক ও রাসায়নিক দ্রব্যাদি, ড্রাম এবং ফোম রক্ষিত ছিল। এই অগ্নিকাণ্ডে কারাখানার সব মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, ইন্ডাস্ট্রিজ বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
