আইভরিকোস্টে দুর্ঘটনায় নিহত সৈনিক আ. হালিমের গ্রামের বাড়িতে শোকের মাতম
আইভরিকোস্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সৈনিক আ. হালিমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতিয়া গ্রামে চলছে স্বজনদের বুকফাটা আহাজারি।
আইভরিকোস্টে ২৬ আগস্ট এক সড়ক দূর্ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত সেনা সদস্য আ. হালিমসহ ৬ বাংলাদেশী সেনা নিহত ও ১২ জন আহত হয়।
রোববার সকালে নিহত আ. হালিমের গ্রামের বাড়ি বড় ছয়সূতিয়া গ্রামে গিয়ে দেখা যায়, শুধু নিহতের পরিবার নয় পুরো গ্রামটিই যেন মর্মন্তদ এ ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়েছে। নিহত আ. হালিমের বাড়িতে থেকে থেমে উঠছে কান্নার রোল। স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশের বাতাস। একমাত্র উপার্জনক্ষম ছেলের অমন মৃত্যুতে বৃদ্ধ বাবা মানিক চানের মুখের ভাষা স্তব্ধ হয়ে গেলেও, মা রাবেয়া বেগমের বুক ফাটা আর্তনাদ পাড়াপড়শিদের চোখকে অশ্র“সজল করে তুলছে। বড় ভাই আব্দুল হালিমের ওপর নির্ভরশীল ছোট ভাইবোনদের চোখে-মুখে সংশয় আর অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট।
অপরদিকে আব্দুল হালিমের শ্বশুর বাড়ি পাশের গ্রাম ছোট ছয়সূতিতে সদ্য বিধবা স্ত্রী হাসনা হেনা প্রিয়তম মানুষটির মৃত্যু সংবাদে পাথরে মতো নির্বাক হয়ে পড়েছেন। তার মুখে নেই কোন কথা, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা দু চোখে অঝোর ধারায় ঝরছে জল। চার বছর বয়সী বড় ছেলে হাসিব এবং পাঁচ মাস বয়সী ছেলে সাকিব বুঝতেই পারছে না কী অঘটন ঘটে গেছে তাদের জীবনে। বাবার আদর, øেহ, মমতা কোনও দিন আর জুটবে না তাদের কপালে। বাবা বলে আর কখনো জড়িয়ে নেবে না তাদের কেউ পরম মমতায়।
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের দরিদ্র কৃষক মানিক চানের ৪ ছেলে ৪ মেয়ের মধ্যে সৈনিক আব্দুল হালিম সবার বড়। শান্ত ও লাজুক স্বভাবের ছেলে আব্দুল হালিম ছয়সূতি বাসস্ট্যান্ড সংলগ্ন ছয়সূতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস করে ভর্তি হয় কুলিয়ারচর কলেজে। যথেষ্ট মেধাবি হওয়া সত্ত্বেও সংসারের অবাবের কারণে লেখাপড়ায় বেশি দূর যেতে পারেননি। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি বিভাগে সৈনিক হিসেবে যোগদান করেন। কাঁধে তুলে নেন দরিদ্র পিতার সংসারে বোঝা। এতে করে স্বচ্ছলতা না এলেও দু মুঠো অন্নের ব্যবস্থা হয় সংসারে।
২০০১ সালের ২৭ ডিসেম্বর হালিমের সঙ্গে হাসনা হেনার বিয়ে হয়। বিয়ের ৫ বছরে তাদের কোল জুড়ে আসে দুই ছেলে সন্তান হাসিব (৪ বছর) ও সাকিব (৫ মাস)। গত ২৪ আগস্ট রাত ১০ টায় শ্বশুর মিজানুর রহমান তার জামাতাকে ঢাকা সেনানিবাসে শেষ বিদায় জানান। রাত ২ টায় আইভরিকোস্টের উদ্দেশে আব্দুল হালিমদের নিয়ে যাত্রা করে বিমান। ২৬ আগস্ট সকালে মোবাইলে ভেসে আসে আব্দুল হালিমের মর্মান্তিক মৃত্যুর সংবাদ। স্বজন হারানোর ব্যথা বুকে চেপে এখন সবার অপেক্ষা কখন ফিরবে আ. হালিমের লাশ।
