চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ ৫ দফা দাবিতে উন্নয়ন প্রকল্প কর্মীদের সচিবালয় ঘেরাও, স্মারকলিপি পেশ
’৯৭ সালের পরে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে নিয়োগ পাওয়া কর্মকর্তা ও কর্মচারিরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করেন।
ঘেরাও শেষে কর্মকর্তা ও কর্মচারিরা দাবি আদায়ে সংস্থাপন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে নগরীর মুক্তাঙ্গনে অবস্থান নেন।
উন্নয়ন প্রকল্প কর্মকর্তা কর্মচারি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, সরকারের এসআরও - ১৮৩ - এর মাধ্যমে ’৯৭ সালের পরের উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিদের স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে স্থানান্তর স্থগিত করা হয়েছে।
এর আগে এসআরও ১৮২, ১৮৪ ও ২৬৩-এর মাধ্যমে ’৯৭ সালের আগের প্রকল্পগুলোর কিছু কর্মকর্তা ও কর্মচারির চাকরি রাজস্বখাতে স্থানান্তরের বিধান করা হয়। এসব এসআরও স্থগিত করে ১৮৩ নম্বর এসআরও জারি সম্পূর্ণ অমানবিক।
তিনি জানান, সরকার এই এসআরও স্থগিত করে নতুন এসআরওর মাধ্যমে সকল প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি না মানলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এদিকে রোববার ঘেরাও শেষে বিকেলে পরিষদের পক্ষ থেকে ঢাকার মুক্তাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলিম উল বাহার, সদস্য সচিব মহিউল কাশেম।
