বরিশালে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ
পূর্ব ঘোষণা ছাড়াই বরিশালের অভ্যন্তরীণ ১৩টি রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস চলাচল রোববার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকরা রোববার সারাদিন বিভিন্ন রুটে চলাচলকারী ১১০টি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন উপজেলা থেকে মুলাদীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদেরও দুর্ভোগে পড়তে হয়।
এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিডিনিউজকে বলেন, বাস চলাচল বন্ধের বিষয়ে জনগণকে আগে অবহিত না করা হলেও নির্বাচনের বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হয়েছে।
পুলিশ সুপার আবদুল রহিম বিডিনিউজকে জানান, প্রধানমন্ত্রীর জনসভার কারণে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিনি প্রশাসনিক সহযোগিতা দিতে অপারগতা প্রকাশ করে নির্বাচনের তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন।
