২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বহনকারী একটি সামরিক ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেলে শুক্রবার ছয় বাংলাদেশি সেনা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।

আইভরি কোস্টের রাজধানী ইয়ামুসুক্রো থেকে আবিদজানের প্রধান শহরে যাওয়ার সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

আইভরি কোস্টে মোতায়েন করা জাতিসংঘ বাহিনীর ৩ হাজার ৫০০ সদস্যের মধ্যে বাংলাদেশের দলটিই সবচেয়ে বড় ।

২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার এ দেশটিতে গৃহযুদ্ধ চলে। ২০০৩ সালে আইভরি কোস্টে জাতিসংঘ বাহিনী মোতায়েন করা হয়। দেশটির উত্তর অংশ বিদ্রোহী এবং দক্ষিণ অংশ সরকার নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রিত ভূখণ্ডে শুক্রবারের এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি সদস্যরা হলেন,  ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স কর্পোরাল এসএম মিরাজ আহমেদ, ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স কর্পোরাল আব্দুস সাত্তার এবং তিন সৈনিক আব্দুল হালিম, মো. কামরুজ্জামান খান, মো. শহিদ মিয়া ও মো. মিজানুর রহমান।

আহতদের দুজনকে আইভরি কোস্টের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আইএসপিআর জানিয়েছে।