২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর এয়ারপোর্ট রোডে মিনিবাস চাপায় সাবেক সেনা কর্মকর্তা ও তার ছেলে নিহত

রাজধানীর এয়ারপোর্ট রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সাবেক সেনা কর্মকর্তা ও তার ছেলে নিহত হয়েছে। জিয়া বিমানবন্দর (ভিভিআইপি) গেইট সংলগ্ন বলাকা ভবনের সামনে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ সূত্রে জানা গেছে,  নৌবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. শাহজাহান (৪৮) এবং তার ছেলে এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র সাজ্জাদ হোসেন রিপন (২২) সকাল সাড়ে নয়টার দিকে মোটর সাইকেলে করে ঢাকার ক্যান্টনমেন্ট থেকে খিলক্ষেত যাচ্ছিলেন। মোটর সাইকেলটি জিয়া বিমানবন্দর সড়কে বলাকা ভবনের সামনে পৌঁছালে গাজীপুর থেকে আসা একটি মিনিবাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুতগতিতে গাজীপুরের দিকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে প্রথমে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফরিদা পারভীন জানান, দুর্ঘটনায় আগুন লেগে সেনা কর্মকর্তার মোটর সাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়।