২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা নিরসনে এসডিএফ ও পিকেএসএফ এর সমন্বিত উদ্যোগের ২য় পর্যায়ের কার্যক্রম সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চলতি মাস থেকে বৃহত্তর রংপুর জেলায় মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (পিপিআইএমই) শীর্ষক একটি দীর্ঘমেয়াদী কর্মসূচী শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বৃহস্পতিবার পিকেএসএফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়,  দেশের মঙ্গা পীড়িত অঞ্চলের সামাজিক প্রেক্ষাপট এবং অতিদরিদ্র ও বঞ্চিত জনসমষ্টির সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পুনরায় বিশ্বব্যাংক এর সহযোগিতায় এসডিএফ ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে এমএমআইপিপি  এর ২য় পর্যায়ের কার্যক্রম আগামী সেপ্টেম্বর’ ০৬ থেকে মাঠ পর্যায়ে শুরু হতে যাচ্ছে। উত্তরবঙ্গের সবচেয়ে দরিদ্রপ্রবণ কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুর এ কার্যক্রম শুরু হবে।

এই কার্যক্রমের আওতায় উপকারভোগীর সংখ্যা হবে প্রায় ১৮ হাজার পরিবার এবং প্রত্যক্ষভাবে ৯০ হাজার জন ও পরোক্ষভাবে ১ লাখ ১০ হাজার জন উপকারভোগী উপকৃত হবে। এ কর্মসূচীর আওতায় এ বছর লালমনিরহাট জেলার সবকটি ইউনিয়নে একযোগে কার্যক্রম শুরু হবে এবং প্রায় ৮০ হাজার মঙ্গাকবলিত পরিবার উপরোক্ত সহযোগিতা পাবে। আগামী বছর বৃহত্তর রংপুরের অন্যান্য জেলায় এ কর্মসূচী সম্প্রসারিত হবে।

এই প্রকল্পের আওতায় প্রতিটি কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী সংস্থা, এসডিএফ ও পিকেএসএফ নিবিড়ভাবে তদারকি করবে। এ বিষয়ে বুধবার এসডিএফ এর সাথে পিকেএসএফ এর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ফখরুদ্দীন আহমদ, ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ, জনাব মুহম্মদ ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসডিএফ, জনাব মোশাররফ হোসেন খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ এবং পিকেএসএফ ও এসডিএল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তরবঙ্গের অর্থনৈতিক বাস্তবতার আলোকে মঙ্গা মোকাবেলা উপযোগী আয়-বর্ধনমূলক কর্মসূচির জন্য এমএমআইপিপি - ২য়  পর্যায়ের কার্যক্রমের আওতায় উপকারভোগীদের চাহিদা মোতাবেক প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ সম্পন্ন হবার পর প্রশিক্ষণ সংশ্লিষ্ট আয় বৃদ্ধিমূলক কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নের জন্য পিকেএসএফ এর অতি দরিদ্রদের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম’ এর আওতায় নমনীয় ক্ষুদ্রঋণ সরবরাহ করা হবে। তবে যারা একেবার সহায় সম্বলহীন তাদেরকে মঙ্গাকালীন সময়ে (সেপ্টেম্বর-ডিসেম্বর’ ০৬) যাতে অনাহারে না থাকতে হয় সে লক্ষ্যে মাসিক ৬০০/- টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ব্যবস্থা করা হবে। তাছাড়া এসময়ে সাময়িক কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজের বিনিময়ে অর্থ কার্যক্রম (রাস্তাঘাট মেরামত, গ্রামীণ হাটবাজারের আঙ্গিনা উঁচুকরণ, ব্রিজ কালভার্ট মেরামত, মজা পুকুর/বাজার পরিস্কারকরণ প্রভৃতি) চালু করা হবে। ফলে অতিদরিদ্র জনগণকে তাদের শ্রম আগাম বিক্রি করতে হবে না এবং মঙ্গাকালীন সময়ে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

উল্লেখ্য, অক্টোবর ২০০৫ থেকে জানুয়ারী ২০০৬ পর্যন্ত বিশ্বব্যাংক এর সহযোগিতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে মঙ্গা মিটিগেশন ইনিশিয়েটিভ পাইলট প্রকল্প (এমএমআইপিপি) কার্যক্রম বাস্তবায়িত হয়।

এই কার্যক্রমের মাধ্যমে পাঁচটি জেলার (গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর) সাড়ে সাত হাজার পরিবারের জীবিকা, আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ইতোমধ্যেই মঙ্গা নিরসনে উক্ত প্রকল্পের কার্যকারিতা বিশেষজ্ঞ মহলে প্রশংসিত হয়েছে।