২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপির বাসায় প্রবেশের চেষ্টাকালে গ্রেফতারকৃত চার কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে মামলা, পুলিশের জিম্মায় মুক্তি

পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবালের বাসায় প্রবেশের চেষ্টার অভিযোগে বুধবার গ্রেফতারকৃত চার কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে উত্তরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আইজিপির বাসভবনের টেলিফোন অপারেটর আবদুল বাতেন (কনস্টেবল নং - ১২৫৪৬) বাদি হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা এবং জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে ভ্যাট সুপারিনটেন্ডেন্ট মনোয়ার হোসেন ভূঁইয়া এবং ভ্যাট ইন্সপেক্টর মোহাম্মদ আলী হোসেন, গোলাম রসুল ও কামাল পাশার বিরুদ্ধে দন্ডবিধি ৩৩২ ধারায় উত্তরা থানায় মামলা দায়ের করেন।

তবে গ্রেফতারকৃত ৪ কাস্টমস কর্মকর্তাকে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নাঈমুর রহমানের জিম্মায় থানা হাজত থেকে মুক্তি দেওয়া হয়।

উত্তরা থানার ডিউটি অফিসার লুৎফর রহমান জানান, আইজির গেটে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ ওয়াদুদ এবং আবদূল হাকিমের সাথে কাস্টমস কর্মকর্তাদের মধ্যে তর্কবিতর্ক ও কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে আইজিপির বাসা থেকে উত্তরা থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে।  

গ্র্রেফতারকৃত ৪ জনের সহযোগী মনোয়ার নামে এক ব্যক্তি পুলিশকে কোন বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি।

উত্তরায় পুলিশের আইজিপি আনোয়ারুল ইকবালের উত্তরা ৯/৭/সি রোডের, ৪০ নম্বর বাসভবনে বুধবার রাতে কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট বিভাগের, টঙ্গী শাখার তিনজন ভ্যাট ইন্সপেক্টর ও একজন সুপারিনটেন্ডেন্ট জোর করে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।