জয়পুরহাটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে অর্ধদিবস হরতাল পালিত
জয়পুরহাটে অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটি এ হরতাল আহ্বান করে।
হরতালের সমর্থনে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে এবং খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় মুক্তমঞ্চে তারা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
আইন - শৃঙ্খলা রক্ষার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া শহরে বিডিআর ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হরতালচলাকালীন সময়ে শহরে কোন ধরনের যানবাহন চলাচল করেনি। ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।ব্যাংকবীমাসহ আর্থিক প্রতিষ্ঠান গুলোতে লেনদেন বন্ধ ছিল।
