২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকভর্তি চোরাই অ্যালুমিনিয়াম তার আটক

গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুরের বাহাদুরপুর এলাকার একটি কারখানা থেকে এক ট্রাক ভর্তি চোরাই অ্যালুমিনিয়ামের তার উদ্ধার করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ জানায়, কারখানাটিতে চোরাই বৈদ্যুতিক তার গলিয়ে বৃহদাকৃতির অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরী ও বিক্রি করা হতো।

জানা গেছে, গোয়েন্দা পুলিশের এএসপি আব্দুস সবুরের নেতৃত্বে একদল পুলিশ বাহাদুরপুর এলাকার নির্জন স্থানে বাঁশের ছাপড়া দিয়ে তৈরি জনৈক ইউসুফের মালিকানাধীন শরাফত উল্লাহ মেটাল নামে ওই কারখানায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকভর্তি মালামাল রেখে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।

পুলিশ চোরাই মালামালগুলো জয়দেবপুর থানায় আটক রেখেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবারই কারখানায় ওই চোরাই মালামাল আনা হয়েছিল।