২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত জঙ্গির ডেথ রেফারেন্সের শুনানি শেষ, ২৮ আগস্ট রায়

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ সাত জঙ্গির বিরুদ্ধে ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। আদালত আগামী ২৮ আগস্ট এ মামলার রায় প্রদানের জন্য তারিখ ধার্য করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বুধবার বিচারপতি মো. আলী আসগর খান ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জেএমবির শীর্ষ জঙ্গীদের ডেথ রেফারেন্সটির ওপর নয়টি কার্যদিবসে শুনানি গ্রহণ করে রায় প্রদানের এই তারিখ ধার্য করেন।

গত বছর ১৪ নভেম্বর জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) বোমা মেরে ঝালকাঠির সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমদ ও জগন্নাথ পাঁড়েকে হত্যা করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় গত ২৯ মে ঝালকাঠির আদালত শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আওয়াল, মামুন, আরিফ ও খালেদ সাইফুল্লাকে ফাঁসির আদেশ দেন।

সরকার অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের এই বেঞ্চে চারদিন আবেদন জানানোর পর ২৪ জুলাই হাইকোর্টের এই বেঞ্চ গত ১ আগস্ট থেকে শুনানি শুরু করেন। উচ্চ আদালতের অনুমতি নিয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার ৩শ ২৫ পৃষ্ঠার পেপার বুক তৈরি করে গত ৬ জুলাই তা বিজি প্রেস থেকে উচ্চ আদালতে পৌঁছে দেয়।

সরকার পক্ষে এ মামলায় শুনানিতে অংশ নেন অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান ও ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা। আসামীদের পক্ষে ছিলেন সরকার নিয়োজিত ষ্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ সালেহউদ্দিন ও এ্যাডভোকেট খলিলুর রহমান ভূইয়া।

শেষ দিনের শুনানিতে অংশ নেন ষ্টেট ডিফেন্স আইনজীবী মো. সালেহউদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা। মো. সালেহউদ্দিন আসামীদের খালাসের পক্ষে যুক্তিতর্ক ও উচ্চ আদালতের নজির উপস্থাপন করেন।

অন্যদিকে ডিএজি হেলালউদ্দিন মোল্লা এ মামলায় শীর্ষ জঙ্গীদের ফাঁসির আদেশ দিয়ে নিু আদালতের রায় বহাল রাখার দাবি জানান।