বহিঃসমুদ্রে তেল - গ্যাস অনুসন্ধান: ভূকম্পন জরিপের সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধামন্ত্রীর কাছে
বহিঃসমুদ্রে তেল - গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ (ইএমআরডি) সম্প্রতি ভূকম্পন জরিপের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। এর আগে এ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।
বহিঃসমুদ্রে তেল - গ্যাস অনুসন্ধানের জন্য তৃতীয় দফা দরপত্র আহ্বানের আগে সুনির্দিষ্ট ভূকম্পন জরিপ পরিচালনার ব্যাপারে ব্রিটিশ পেট্রোলিয়ামসহ আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই জরিপের সারসংক্ষেপ প্রধামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে বুধবার সংশ্লিষ্ট সূত্র জানায়।
ব্রিটিশ পেট্রোলিয়ামসহ তিনটি আন্তর্জাতিক তেল কোম্পানি সম্প্রতি তাদের পাঠানো চিঠিতে জানায়, হাইড্রোকার্বনের উপস্থিতি নিশ্চিত করে কোনও তথ্য প্রদান করা না হলে অনেক আন্তর্জাতিক কোম্পানিই বহিঃসমুদ্রে জ্বালানি ও গ্যাস অনুসন্ধান সংক্রান্ত দর প্রক্রিয়ায় অংশ নেবে না।
সময়ের স্বল্পতার কারণে এ বছরের এপ্রিলে সরকারের ভূকম্পন জরিপের পরিকল্পনা দরপত্র প্রক্রিয়া থেকে বাদ পড়ে যায় বলে সূত্র জানায়।
এর আগে ভূকম্পন জরিপ প্রক্রিয়ার খসড়া মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনার জন্য পেশ করা হয়। মন্ত্রিপরিষদ তখন বিশেষজ্ঞ কমিটির মতামতসহ এটি পুনরায় পাঠানোর পরামর্শ দেয়।
সূত্র জানায়, প্রক্রিয়া অনুযায়ী এক লাখ ৬০০ বর্গ কিলোমিটার গভীর সমুদ্র এলাকায় এ জরিপ চালানোর কথা ছিল। এজন্য ৩০ থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হওয়ার কথা।
এ সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বৈঠকে মতামত দেওয়া হয় যে, জরিপ পরিচালনাকারী জরিপের তথ্যের জন্য চড়া দাম হাঁকলে কোনও কোনও কোম্পানি আগ্রহ হারিয়ে ফেলবে এবং এতে করে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে।
এর আগে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছিলেন, একজন রসায়ন প্রকৌশলী হিসেবে আমি এটা সমর্থন করব না। ভূকম্পন পরিস্থিতি সম্পর্কে সুনিশ্চিত তথ্য ছাড়া কোনও আন্তর্জাতিক কোম্পানিকে দর প্রক্রিয়ায় ডাকা সরকারের জন্য কোনও বিচক্ষণ সিদ্ধান্ত হবে না।
তিনি বলেন, জরিপের তথ্য না থাকায় বিখ্যাত কোনও আন্তর্জাতিক তেল কোম্পানি দর প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী হবে না।
ভূকম্পন জরিপের মূল লক্ষ্য হচ্ছে গভীর সমুদ্রের ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত হাইড্রোকার্বনের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরা।
ইএমআরডি সূত্র আরও জানায়, তৃতীয় দফা দর প্রক্রিয়ার জন্য খসড়া দরপত্র আইন মন্ত্রণালয়ের যাচাই শেষে শিগগিরই প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে।
