স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি, তিন বন্ধুর যাবজ্জীবন
স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসি এবং তিন বন্ধুকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন কুষ্টিয়া আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েতউল্লাহ এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী রেজাউল হকের গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা একই গ্রামের রইচ, জহুরুল ও ফারুক।
মামলার বিবরণে জানা যায়, মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আজিজুল হকের কন্যা আছিয়া খাতুনকে বিয়ের পর থেকেই তার মাদকাসক্ত স্বামী রেজাউল নির্যাতন করতো। একপর্যায়ে অতীষ্ঠ হয়ে আছিয়া তার বাবার বাড়িতে আশ্রয় নেয়। ২০০৪ সালের ২ সেপ্টেম্বর রাতে রেজাউল তার তিন বন্ধুকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজাউল আছিয়াকে ছুরিকাঘাত করে এবং তিন বন্ধু মিলে তার চুল ধরে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। হাসপাতালে নেবার পথে আছিয়ার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের দাদা খলিলুর রহমান বাদী হয়ে চারজনকে আসামী করে মিরপুর থানায় মামলা দায়ের করেন। প্রায় দুই বছর ধরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
এ সময় চার আসামীই আদালতে উপস্থিত ছিলেন।
