নিখোঁজ হওয়ার ৬ দিন পর কেরানীগঞ্জে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর কেরানীগঞ্জের চন্ডিতলা এলাকার একটি খাল থেকে মঙ্গলবার রাতে মোহাম্মদ রিপন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ছয়দিন আগে ঢাকার গেন্ডারিয়া থেকে সে নিখোঁজ হয় বলে পুলিশ জানিয়েছে।
তার বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার মাঝিরচর এলাকায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় রিপন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সোমবার বিকেলে রিপনের খালাতো ভাই আবুল বাশারের মোবাইল ফোনে সন্ত্রাসীরা জানায়, কেরানীগঞ্জের চন্ডিতলা এলাকার যে কোন ডোবা অথবা খালে রিপনের লাশ পাওয়া যাবে। সন্ত্রাসীরা রিপনের পরিবারকে হুমকি দিয়ে বলে যে, এক ভাইকে হত্যা করা হয়েছে, একে একে সবাইকেই হত্যা করা হবে।
মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ কেরানীগঞ্জের চন্ডিতলা এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় মঙ্গলবার রাত ৮ টায় রিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
কেরানীগঞ্জ থানার দারোগা ও মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর জানান, নিহত রিপন গেন্ডারিয়ায় গার্মেন্টস কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জের ধরেই সম্ভবত এ হত্যাকাণ্ড ঘটেছে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
