২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের ১৯জন অতিরিক্ত বিচারপতির মধ্যে ১৭ জনকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ

হাইকোর্টের ১৯ জন অতিরিক্ত বিচারপতির মধ্যে ১৭ জনকে স্থায়ী বিচাপতি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৭ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন বুধবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে স্থায়ী নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের শপথ পাঠ করাবেন।

হাইকোর্টের স্থায়ী নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ শান, বিচারপতি শহীদুল ইসলাম, বিচারপতি মো. আব্দুল হাই, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচারপতি মো. ফজলুর রহমান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি মো. এমদাদুল হক, বিচারপতি মো. রইসউদ্দিন, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক. বিচারপতি শেখ আব্দুল আওয়াল, বিচারপতি এসএম এমদাদুল হক, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি ফারাহ মাহবুব।

অতিরিক্তি বিচারপতি নির্মলেন্দু ধর ও বিচারপতি এবিএম হাতেম আলীকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দেয়া হয়নি।

২০০৪ সালের ২২ আগস্ট রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ১৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ করেন।

দলীয় বিবেচনায় এই ১৯ বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছিল অভিযোগ এনে এর প্রতিবাদে আইনজীবীরা তখন দুদিন আদালত বর্জন করেন। তাদেরকে তখন সম্বর্ধনাও প্রদান করা হয়নি।

এবারও তাদেরকে সম্বর্ধনা দেয়া হবে না বলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন জানান। প্রধান বিপারপতির সুপারিশ উপেক্ষা করে দলীয় বিবেচনায় এই নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ আনেন তিনি।