বিমানের ৫টি উড়োজাহাজ বিকল হয়ে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত
মোট পাঁচটি উড়োজাহাজ বিকল হয়ে পড়ায় মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতটি আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ বা উড্ডয়ন বিলম্বিত হয়েছে। একারণে গত কয়েকদিন ধরে বিমানের অনেক যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিমান সূত্র জানিয়েছে, আবুধাবী - ঢাকা রুটের ফ্লাইটটি বিলম্বিত হয়েছে ৯৪ ঘন্টা। এ ফ্লাইটের (বিজি ০২৭) এয়ারবাস উড়োজাহাজের একটি ইঞ্জিন বসে যাওয়ায় ফ্লাইটটি নির্ধারিত সময়ের ৯৪ ঘন্টার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারে। কুয়েত থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এনে ফ্লাইটটি সচল করা হয়েছে।
একইভাবে ঢাকা - জেদ্দা রুটের ফ্লাইট (বিজি ০৪৯) ৪৮ ঘন্টা বিলম্বে ভোর ৪টা ৫৪ মিনিটে, ঢাকা - কাঠমান্ডু ফ্লাইট (বিজি ৭০৩) ২৪ ঘন্টা বিলম্বে বেলা সাড়ে ১২ টায়, ঢাকা - দোহা - দুবাই ফ্লাইট (বিজি ০২৫) নয় ঘন্টা পর সকাল সাড়ে ১১ টায়, ঢাকা - দুবাই - লন্ডন ফ্লাইট (বিজি ০০১) ছয় ঘন্টা পর মঙ্গলবার সকাল ৭টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
এছাড়া নির্ধারিত সময়ের ২৪ ঘন্টা পর ঢাকা - ব্যাংকক - সিঙ্গাপুর ফ্লাইট (বিজি ০৮৪) মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় এবং ২৩ ঘন্টা পর ঢাকা - জেদ্দা ফ্লাইট (বিজি ০৩৫) রাত সোয়া ৯ টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে একসঙ্গে বিমানের পাঁচটি উড়োজাহাজ বসে যাওয়ায় (গ্রাউন্ডেড) বিমানের ফ্লাইটে এ বিপর্যয় দেখা দেয়।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, বিমানের ১৩ টি উড়োজাহাজের মধ্যে একঙ্গে পাঁচটি উড়োহাজাজ গ্রাউন্ডেড হওয়ায় বাকি আটটি উড়োজাহাজ দিয়ে কর্তৃপক্ষ ফ্লাইট চালাতে হিমশিম খাচ্ছে। ইঞ্জিনের অভাবে মাস তিনেক ধরে দুটি ডিসি - ১০ হ্যাঙ্গারে প্রাউন্ডেড হয়ে আছে। জরুরী রক্ষণাবেক্ষণের (ডি চেক) কারণে সিঙ্গাপুরে আরেকটি এয়ারবাস এখন গ্রাউন্ডেড। এছাড়া সি - চেক এর কারণে আরো দুটি এফ ২৮ উড়োজাহাজও গ্রাউন্ডেড।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করে আসছে।
