সাতক্ষীরায় জঙ্গি-মামলার প্রধান সাক্ষীর বাড়িতে হামলা
১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা মামলার প্রধান সাক্ষী রওশন আলীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার ইসলামপুর গ্রামে রোববার দুপুরে তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার পর সাতক্ষীরার ইসলামপুর চরের কথিত পকেটমার রওশন আলী সাতক্ষীরার পুরাতন কোর্ট চত্বরে বোমা হামলাকারী নাসির উদ্দিনকে সনাক্ত করেন। এরপরই পুলিশ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে। নাসির উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ দেশজুড়ে বোমা হামলার ঘটনায় জেএমবির সম্পৃক্ততার কথা জানতে পারে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী আবদুল মজিদ মোল্লা ও মোস্তাফা হালদার ডনের নেতৃত্বে রওশন আলীর বাড়িতে দুদফা হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা রওশন আলীকে মারধরও করে।
জঙ্গি নাসির উদ্দিনকে ধরিয়ে দেওয়ার কারণেই ওই হামলা ও মারধর করা হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
তবে সাতক্ষীরা সদর থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজকে জানান, রওশন আলীর সঙ্গে তার প্রতিবেশী আবদুল মজিদ মোল্লার পুকুরের জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে। এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
