২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৩ মাস পর পাবনায় ঢাবি ছাত্রের দেহাবশেষ উদ্ধার

অপহরণের প্রায় তিনমাস পরে রোববার দুপুরে পাবনার প্রত্যন্ত এলাকা তেলিগ্রাম থেকে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর মেধাবী ছাত্র মহিউদ্দিন মিশুর দেহাবশেষ উদ্ধার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পুলিশ জানায়, অপহরণের সাথে জড়িত গ্রেপ্তারকৃত চার ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে পাবনার আতাইকুলা থানার তেলিগ্রাম থেকে মিশুর হাড়গোড়, মাথার খুলি ও পরনের জামাকাপড় উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ শে মে ঢাকার কাফরুল এলাকা থেকে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে তারা মিশুর পরিবারের কাছে ৬০ লাখ টাকা দাবী করে। কিন্তু টাকা না পেয়ে অপহরণকারীরা মিশুর পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

গত সপ্তাহে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাব অপহরণের সাথে জড়িত সন্দেহে পাবনার সদর উপজেলার শুকচর গ্রামের দেও হাসেম সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের হুমায়ুন কবির এবং ঢাকার বিক্রমপুরের সাজুকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কাফরুল থানার দারোগা আবুল বাশার শনিবার পাবনা পুলিশের সহায়তায়  সদর উপজেলার কর্দো চাঁদপুরের আবুল কালামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হারুন ও ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মিয়ার উপস্থিতিতে ঢাকার কাফরুল ও পাবনার আতাইকুলা থানা পুলিশ মিশুর দেহাবশেষ উদ্ধার করে। এসময় শত শত লোক ভিড় জমায়।

মহিউদ্দিন মিশু সিরাজগঞ্জ উপজেলার বাসিন্দা পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান ও সরকারের যুগ্ম সচিব নুরুদ্দিন আহমেদের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন।