বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী নিয়োগে বিলম্ব, দুর্নীতির অভিযোগ
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ৫০৭টি পদে নিয়োগ নিয়ে লুকোচুরি খেলার অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ পরীক্ষার পর মাসাধিক কাল অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত ফল ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ।
জানা গেছে, রাজনৈতিক সুপারিশের কারণে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে কলেজ কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন। এদিকে আগামী ৩১ আগস্ট নবনির্মিত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫০৭টি পদের জন্য ৩৬ হাজার আবেদনপত্র জমা পড়ে। সরকার দলীয় অনেক সাংসদ ও নেতাদের সুপারিশ সংবলিত বহু আবেদন পত্র থাকায় প্রার্থী নিয়োগ তালিকা বার বার কাটছাঁট করতে হচ্ছে কর্তৃপক্ষকে। ইতিমধ্যে নিয়োগ নিশ্চিত হয়েছে এমন আশ্বাস দিয়ে বহু প্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
জানা গেছে, নিয়োগ কমিটির বাইরের অনেক চিকিৎসককে নিয়োগ পরীক্ষার কাজে লাগানো হয়েছে। এরা অবৈধ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকতে পারেন।
নিয়োগ বাণিজ্য বিষয়ক এসব অভিযোগ অস্বীকার করে নিয়োগ কমিটির প্রধান কলেজের পরিচালক ডা. মইনুল হাসান সাদিক বিডিনিউজকে বলেন, সুপারিশ নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।
তিনি আরো জানান, দু-এক দিনের মধ্যেই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হবে।
