গণতন্ত্রের চর্চা বিষয়ক সেমিনারে বিশৃঙ্খলা
রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত গণতন্ত্রের চর্চা বিষয়ক এক সেমিনারের মূল নিবন্ধে অপ্রাসঙ্গিক বিষয় উত্থাপিত হলে এ নিয়ে অনির্ধারিত বিতর্কের শুরু হয়।
এক পর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে প্রধান অতিথি আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ নির্ধারিত সময়ের আগেই বক্তব্য দিয়ে চলে যান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া), বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস রিসার্চ অ্যান্ড ডেমোক্র্যাসি অ্যান্ড সিটিজেন কাউন্সিল ফর সাউথ এশিয়ান সলিডারিটি যৌথভাবে ‘গণতন্ত্রের চর্চা: বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান তার মূল প্রবন্ধে অপ্রাসঙ্গিক বিষয় উল্লেখ করলে ইত্তেফাক সম্পাদনা পরিষদের সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন আপত্তি তুলে বলেন, মূল প্রবন্ধের বিষয়বস্তু প্রাসঙ্গিক নয়।
এ নিয়ে সেমিনারে উপস্থিত আইনমন্ত্রী ও আরও কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে জরুরি প্রয়োজনের কথা বলে আইনমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই বক্তব্য দেওয়ার জন্য সভাপতির অনুমতি চান।
এ সময় উপস্থিত সুধীমন্ডলীর মধ্যে থেকে একজন বলে ওঠেন, আপনি আপনার কথা শুনতে আমাদের বাধ্য করবেন, কিন্তু আমাদের বক্তব্য শুনবেন না, এটা হতে পারে না। এটা গণতন্ত্র নয়। অন্যান্য সুধীজনও এ সময় তাকে সমর্থন জানান।
বিচারপতি কেএম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত, সাবের হোসেন চৌধুরী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের অর্থনীতিবিদ ফরেস্ট ই কোকসন এবং ন্যাশনাল ডেমোক্র্যাসি ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি ওয়েন লিপার্ট বক্তব্য রাখেন।
