২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের তিস্তা রেলওয়ে সেতুতে আবারো দুর্ঘটনা, বিকল্প সড়ক সেতু নির্মাণ কাজে অনিশ্চয়তা

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রবেশমুখে অবস্থিত তিস্তা রেলওয়ে সেতুতে আবারো দুর্ঘটনা ঘটেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেতুর ৭ নম্বর গার্ডারের পাটাতনের কাঠের ডেকিংসহ ৩২ ফুট লম্বা ও ২ ফুট  চওড়া দুটি স্টিল টাফ্ট প্লেট ভেঙে দেবে যায়। এ সময় সেতুর ওপর দিয়ে পার হতে গিয়ে একটি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে। উপস্থিত লোকজনের সহায়তায় ট্রাকটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। এ সময় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সেতুর দুদিকে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। বিশেষ করে ঢাকা থেকে আসা নৈশকোচের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

শুক্রবার সকালে তিস্তা সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার আবদুল হাই, অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী শরীফ সালাহ উদ্দিন এবং পিডব্লিউআই আফজাল হোসেনের নেতৃত্বে  ১৫ জন কর্মী ভাঙা অংশ মেরামতের কাজ করছেন। তারা রাত ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে মেরামত কাজ শুরু করেছেন বলে জানান।

ডিভিশনাল ইঞ্জিনিয়ার আবদুল হাই জানান, শতবর্ষী সেতুটির মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে। এরপর ঝুঁকিপূর্ণ অবস্থায়ই এ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। এ সেতুর ওপর দিয়ে পাঁচ টনের বেশি মালামাল নিয়ে যান চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। ফলে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, এ সেতুতে গত ১৪ জুন ও ৩০ জুনও দুর্ঘটনা ঘটে।

সেতুটিতে দুর্ঘটনা রোধে গত ৩ জুলাই লালমনিরহাট সার্কিট হাউসে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং রেলওয়ে কর্মকর্তাদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপিও উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ জুলাই থেকে সেতুর দুপাশে চেকপোস্ট বসানো হয়, যাতে পাঁচ টনের বেশি মালামাল নিয়ে কোনো যানবাহন ওই সেতুর ওপর দিয়ে চলাচল করতে না পারে। কিন্তু ৫ আগস্ট থেকে চেকপোস্ট দুটি তুলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা রেলওয়ে সেতুর পাশে বিকল্প সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সেতুর নির্মাণকাজ আর এগোয়নি। এরপর চলতি বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুনরায় তিস্তা সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জানা গেছে, সেতু নির্মাণে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে এখনো পর্যন্ত কার্যাদেশ না দেওয়ায় কাজ শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছে।