গাজীপুরে ট্রাকভর্তি পশমি সূতা আটক, কর্মকর্তাকে হয়রানির অভিযোগ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের ভোগড়ায় মঙ্গলবার রাতে চৌরাস্তা হাইওয়ে ফাঁড়ির এক এএসআই ৯ লাখ টাকা মূল্যমানের ৮ হাজার পাউন্ড ওলভর্তি একটি ট্রাক আটক করেন।
ওলের মালিক কাশিমপুর ইউনিয়নের পানিশাইল এলাকার ওরিয়েন্টাল ওল ওয়্যার লিমিটেডে কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও কর্মকর্তা - কর্মচারীকে আটক করে নাজেহাল এবং পরে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার শফিকুল ইসলাম বৃহস্পতিবার তার কার্যালয়ে অভিযুক্ত এএসআই জিহাদুল ইসলামকে ডেকে পাঠান। জিহাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে।
ঘটনার ব্যাপারে ওরিয়েন্টাল ওল ওয়্যারের মার্চেন্ডাইজার মো. মামুন আল রিয়াদ জানান, কারখানার কাজের প্রচণ্ড চাপ থাকায় শ্রীপুরের রেদোয়ান স্যুয়েটারকে সাব - কন্ট্রাক্ট দেওয়ার উদ্দেশ্যে ট্রাকভর্তি ওল সেখানে নিয়ে যাওয়া হয়। পরে ব্যবসায়িক কৌশলগত কারণে উল্লিখিত ওল ওরিয়েন্টালে ফেরত আনার সময় রাত ৩ টায় এএসআই জিহাদুল ইসলাম ট্রাকটি আটক করে।
ওরিয়েন্টাল ওল ওয়্যার লিমিটেডের কর্মকর্তারা অভিযোগ করেন, এএসআই জিহাদুল ইসলাম তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।
এ ব্যাপারে জানতে চাইলে এএসআই জিহাদুল ইসলাম বিডিনিউজকে বলেন, চোরাই ওল মনে করে তিনি ট্রাকটি আটক করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর ছেড়ে দেওয়া হয়। ঘুষ গ্রহণের কথা তিনি অস্বীকার করেন। এ ব্যাপারে প্রায় একই বক্তব্য দেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।
