নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা গ্রুপে শ্রমিক অসন্তোষ, সাড়ে ৩ ঘন্টা সড়ক অবরোধ, চেয়ারম্যান আহত
নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে সিনহা গ্রুপের ওপেক্স টেক্সটাইলের শ্রমিকরা বৃহস্পতিবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে।
সকাল ৬ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা - সিলেট ও ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ৪/৫টি গাড়িও ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে সিনহা গ্রুপের চেয়ারম্যান আনিছুর রহমান সিনহা ঘটনাস্থলে এলে কারখানার গেইটে অবস্থানকারী শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে আহত হন।
পরে সাড়ে ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে সিনহা গ্রুপ কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে দুই ঘন্টা তাদের বসিয়ে রাখেন। সাংবাদিকরা অবস্থানকারী কয়েকজন বহিরাগতদের ছবি তুলতে গেলে মিলের কয়েকজন কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা এক মিনিট প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে সিনহা গ্রুপের পরিচালক কর্নেল (অবঃ) ফয়েজ বাহার দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, শ্রমিকদের দাবি - দাওয়ার ব্যাপারে চেয়ারম্যানের সাথে আলোচনা চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা বিবেচনা করেই আমরা সমঝোতার উদ্যোগ নিয়েছি।
