যশোরে ব্র্যাক কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ
যশোর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ তাদের সংস্থা থেকে চাকরি ছেড়ে যাওয়া এক ব্যক্তিকে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। অবশ্য ব্র্যাক কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন।
বুধবার জনৈক দিলীপ কুমার দাস স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তার ছেলে লিটন দাস ব্র্যাকে চাকরি করার সময় আবুল কালাম আজাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে লিটন চাকরি ছেড়ে একটি ওষুধ কোম্পানিতে চাকরি নেন। কিন্তু আবুল কালাম আজাদ তার পিছু ছাড়েননি। তিনি একের পর এক মিথ্যা মামলা করে চলেছেন লিটনের বিরুদ্ধে। দিলীপ দাস এই হয়রানি বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
যোগাযোগ করা হলে ব্র্যাকের আর এম আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, মামলাগুলো সত্য ঘটনার ভিত্তিতে করা হয়েছে। তিনি দাবি করেন, ব্র্যাকের সাবেক কর্মকর্তা লিটন দাসের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই।
