২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী সিরাজগঞ্জ চাঁদপুর ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ নিহত, আহত ২৫

নরসিংদী, সিরাজগঞ্জ চাঁদপুর এবং চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

নরসিংদী থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, শিবপুর উপজেলার ঢাকা - সিলেট মহাসড়কের কামারটেক এলাকায় বুধবার বিকেল ৩ টায় একটি যাত্রীবাহী বাস এবং ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, ইলিয়াছ উদ্দিন ভূইয়া (৩৪) ও তার স্ত্রী দীনা বেগম (২৮)। ক্যাব চালকের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্যাক্সিক্যাবের (ঢাকা মেট্রো প-১৪-১৪৬০) সঙ্গে হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের (ঢাকা মেট্রো জ-১৪-১৮৬৯) মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ক্যাবটি দুমড়ে - মুচড়ে আগুন ধরে যায়। ট্যাক্সিক্যাবের দুজন যাত্রী এবং চালক ঘটনাস্থলেই মারা যান এবং ১০ জন বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। আহতদের ভৈরবসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে সিরাজগঞ্জ থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, শাহজাদপুর উপজেলার বগুড়া--নগরবাড়ী মহাসড়কের পারকোলা নামক স্থানে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন গহের আলী (৩০) এবং আবু তালেব (২২)। নিহতদের বাড়ি শাহজাদপুর উপজেলার যুগ্নীদহ গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লাপাড়া থেকে বেড়াগামী রোড কিং নামের একটি যাত্রীবাহী বাস সকাল ৯টার দিকে পারকোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী ও দুই সাইকেল আরোহীকে চাপা দেয় এবং রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী গহের আলী এবং সাইকেল আরোহী আবু তালেব নিহত হন।

দুর্ঘটনায় অপর সাইকেল আরোহী আব্দুল জলিলসহ কমপক্ষে ১৫ জন বাসযাত্রী আহত হন। আহতদেরকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুল জলিলের অবস্থা আশংকাজনক।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চাঁদপুরের বিডিনিউজ প্রতিনিধি জানান, ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশা গ্রামে নিজ বাড়ির সামনে মঙ্গলবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপা পড়ে ফারজানা নামে একটি শিশু গুরুতর আহত হয়। পরে রাতে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জের বিডিনিউজ প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার চাঁপাই -সোনামসজিদ সড়কের শাহবাজপুর এলাকায় বুধবার বিকেলে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহতের নাম আব্দুল আজিজ (২৫)।তিনি শিয়ালমারা গ্রামের ফেলু মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৩১১৫) সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে আজিজ ঘটনাস্থলেই মারা যান। 

এ ঘটনায় উত্তেজিত জনতা কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।